১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৩

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ৪ জেলার যেসব এলাকায়

বিদ্যুৎ লাইন   © সংগৃহীত

গাছের ডালপালা ছাঁটাই, বিদ্যুৎ লাইন রক্ষণাবেক্ষণ ও উপকেন্দ্রের বার্ষিক মেরামতকাজের কারণে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দেশের কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নাটোর, বগুড়া, রংপুর ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় নির্ধারিত সময়ে বিদ্যুৎ থাকবে না। সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানগুলো সোমবার (৯ নভেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, সদর দপ্তরের আওতাধীন বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৩ নম্বর ফিডারে গাছের ডালপালা ছাঁটাই করা হবে। এ কারণে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মাঝগাঁও, মেরিগাছা, চুলকাটি, মাধাইমুড়ি, লক্ষ্মীচামারী ও দোগাছি এলাকার আংশিক অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বগুড়ায় নেসকো বিবিবি-১-এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল মান্নাফ জানিয়েছেন, বার্ষিক মেরামতকাজ ও গাছের শাখা-প্রশাখা কাটার জন্য সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১১ কেভি ইয়াছিননগর ও ঠনঠনিয়া ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় চকফরিদ, জবানী স্কুল রোড, এতিমখানা রোড, ইয়াছিননগর, ব্যাংকপাড়া, এসেনসিয়াল ড্রাগস, ঠনঠনিয়া হিন্দুপাড়া, বটতলা, ঠনঠনিয়া প্রথম লেন, রিয়াজকাজী লেন, গোহাইল রোড, আবহাওয়া অফিস এবং সেউজগাড়ী পানির ট্যাংক রোডসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।

রংপুরে নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মো. আতিফুর রহমান জানান, ১১ কেভি নিউ মডেল ফিডারের রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজ করা হবে। এ কারণে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎবিহীন এলাকাগুলোর মধ্যে রয়েছে সাবস্টেশন, নেসকো গেট, ইমেজ পলিটেকনিক্যাল, খামার মোড়, তাবলীগ মসজিদ, লালবাগ কেডিসি, মৃত্তিকা, লালবাগ, কলেজপাড়া, দর্শনা, আলহাজ নগর, মডার্ন মোড় পর্যন্ত সড়কের দুই পাশ, আবু সাঈদ চত্বর, সর্দারপাড়া ও ঘাঘটপাড়া।

সুনামগঞ্জের দিরাই সাব-জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) জানিয়েছেন, উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণকাজের জন্য সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিরাই ও শাল্লা উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী কর্তৃপক্ষ।