আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজের জন্য শুক্রবার (৬ নভেম্বর) সুনামগঞ্জে টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন প্রায় ৩৫ হাজার গ্রাহক সাময়িক ভোগান্তিতে পড়বেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সুনামগঞ্জ বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ। বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমেদ।
বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ (পিজিসিবি), সুনামগঞ্জের জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩৩ কেভি বাস শাটডাউন করা হবে।
এ কারণে পিডিবির ৩৩ কেভি ইনকামিং সোর্স বন্ধ হয়ে যাবে এবং এর আওতাধীন সব ফিডারে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ শেষ করে পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমেদ বলেন, রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হবে। এতে আমাদের আওতাধীন প্রায় ৩৫ হাজার গ্রাহক সাময়িকভাবে বিদ্যুৎবিহীন থাকবেন।গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।