শনিবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের একাধিক জেলায়
জরুরি মেরামত, বিদ্যুৎ লাইন সংস্কার ও সঞ্চালন লাইনের আশপাশে গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য আগামী শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে নাটোরের বড়াইগ্রামে টানা ১১ ঘণ্টা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৯ ঘণ্টা এবং সিলেটের বিভিন্ন এলাকায় তিন থেকে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
শুক্রবার (৩০ অক্টোবর) পৃথক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতি ও বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সদর দপ্তর জানিয়েছে, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬, ৭ ও ৮ নম্বর ফিডারে জরুরি রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা কাটার কাজ করা হবে। এ জন্য শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময়ে কালিকাপুর, ফজলিতলা, আহম্মেদপুর বাজার, পার আহম্মেদপুর, কায়েম কোলা, খৌদ্দকাচুটিয়া, কুমরুল, বৃকাচুটিয়া, ভবানীপুর, রামাগাড়ি, কামারদহ, আটঘরিয়া, স্লুইস গেট, হাট গোবিন্দপুর, শেখ পাড়া ও আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না। তবে কাজের অগ্রগতির ওপর ভিত্তি করে এ সময়সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে।
অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নেসকোর শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহের আবাসিক প্রকৌশলী মো. জুলফিকার আলী জানান, শিবগঞ্জ ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের আশপাশে গাছের ডালপালা ছাঁটাইয়ের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিলেটেও শনিবার দুই ধাপে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩৩/১১ কেভি লাকাতুরা উপকেন্দ্রের আওতাধীন কয়েকটি ফিডারে জরুরি কাজের জন্য সকাল ৮টা থেকে তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময়ে কাকুর্যাপাড়, এয়ারপোর্ট থানা, বাইশটিলা, ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস, ধোপাগুলা, বনশ্রী, বাদামবাগিচার আংশিক এলাকা, পাহাড়িকা, বড় বাজার ও লাকাতুরা স্টেডিয়াম ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না।
এ ছাড়া লাকাতুরা বাজার, মুসলিম পাড়া, মালনীছড়া, বাদামবাগিচা, খাসদবীর প্রাথমিক স্কুল গলি, রূপসা আবাসিক এলাকা, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগুল, সাহেবের বাজার, সালুটিকর ঘাট ও আশপাশের এলাকাও এ বিদ্যুৎ বিভ্রাটের আওতায় থাকবে।
অন্যদিকে, আম্বরখানাস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি আইজিডি ওভারহেড ফিডারে কাজের জন্য সকাল ১১টা থেকে টানা পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এ সময়ে আম্বরখানা মসজিদ, দত্তপাড়া, আম্বরখানা সরকারি কলোনি, মজুমদারী, কমলা বাগান, প্রভাতী, পূর্ব পীরমহল্লা, পুরো হাউজিং এস্টেট, ফরিদাবাদ আবাসিক এলাকা ও আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।
বিপিডিবি জানিয়েছে, নির্ধারিত কাজ শেষ হলে সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এ বিদ্যুৎ বিভ্রাটের জন্য সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলো গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।