আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
জরুরি রক্ষণাবেক্ষণ ও নির্মাণকাজের কারণে রাজশাহী ও বগুড়ার বেশ কয়েকটি এলাকায় আজ শনিবার (১০ অক্টোবর) দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর বগুড়া বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এবং রাজশাহীর বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগ। বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার বগুড়ার বেশ কয়েকটি এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
নেসকো বগুড়ার বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর জানায়, জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্ট-সংলগ্ন সাসেক প্রকল্পের আওতায় ফুটওভার ব্রিজ নির্মাণকাজের নিমিত্তে নেসকো বগুড়ার বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর আওতাধীন ৩৩ কেভি রহমান নগর এবং ৩৩ কেভি বনানী ফিডারসমূহ শাটডাউনের নিমিত্ত আগামী ১০ অক্টোবর সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা এ দুই ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ থাকবে না।
বিজ্ঞপ্তিতে জরুরি নির্মাণকাজের নিমিত্তে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধের জন্য দুঃখপ্রকাশ করে সেবামূলক কাজের স্বার্থে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে নেসকো কর্তৃপক্ষ।
এদিকে, শনিবার রাজশাহীর বেশকিছু এলাকায় পর্যায়ক্রমে সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
নেসকো রাজশাহীর বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর দপ্তর জানায়, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিদ্যুৎ লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য নেসকো রাজশাহীর ১১ কেভি বাগধানী ফিডারের আওতাধীন দুয়ারি, কুমড়াপুকুর ও বাগসারা এলাকাসমূহে শনিবার সকাল সাড়ে ৭টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত মোট ৩ ঘণ্টা এবং তেঘর থেকে বাগধানী এলাকা পর্যন্ত সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট সাড়ে ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।