আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজশাহীর বেশ কয়েকটি এলাকায় পর্যায়ক্রমে মোট সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ তথ্য জানিয়ে বুধবার (৭ অক্টোবর) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
রাজশাহীর বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রক্ষণাবেক্ষণ কাজের জন্য নির্ধারিত সময়ে বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এতে আরও বলা হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিদ্যুৎ লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য বৃহস্পতিবার নেসকো রাজশাহীর বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন বেশকিছু এলাকায় পর্যায়ক্রমে সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
এর মধ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত মোট ৩ ঘণ্টা ১১ কেভি সূর্যপুর ফিডারের আওতাধীন পূর্ব বাঘহাটা, পিল্লাপাড়া, মথুরা ও সাহাপাড়া এবং এর পার্শ্ববর্তী এলাকাগুলোয় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি একই দিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট সাড়ে ৩ ঘণ্টা মথুরা, সাহাপাড়া, সূর্যপুর, বড়গাছি ও ইটাঘাটি ইত্যাদি এলাকাসমূহে বিদ্যুৎ থাকবে না।
তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।