০৮ অক্টোবর ২০২৬, ০০:০০

বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব এলাকায়

প্রতীকী ছবি  © সংগৃহীত

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য রাজধানীর আগারগাঁও, মিরপুর, শ্যামলী ও কল্যাণপুরসহ কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (৮ অক্টোবর) ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আজ বুধবার (৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা ঢাকার আগারগাঁও, তালতলা (পশ্চিমাংশ), শেওড়াপাড়া (পশ্চিমাংশ), কাজীপাড়া (পশ্চিমাংশ), মিরপুর-১০ (পশ্চিমাংশ), মিরপুর-১, পাইকপাড়া, কল্যাণপুর (কল্যাণপুর হতে মিরপুর-১ গামী সড়কের ডানপার্শ্ব), শ্যামলী, মিরপুর ৬০ ফিট ও পীরের বাগ এলাকায় বিদ্যমান আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া মেরামত কাজ চলাকালে আশপাশের অন্যান্য এলাকায় গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে বলে জানিয়েছে তিতাস।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।