০৪ অক্টোবর ২০২৬, ১৬:১৮

এলপিজির দাম ফের বাড়ল আড়াইশর বেশি

এলপিজি  © ফাইল ফটো

আবারও বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য। আজ রবিবার (৪ অক্টোবর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ দাম নির্ধারণ করেছে।

নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজির এলপিজি সিলিন্ডার ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করা হয়েছে।

চলতি বছরের এপ্রিলের পর আগস্টে এক দফায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করে বিইআরসি।

তবে এর আগে জুনে ৫৫ টাকা এবং জুলাইয়ে ৩৫৭ টাকা কমানো হয়। সর্বশেষ সেপ্টেম্বরে আরও ১৩ টাকা কমিয়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এবার অক্টোবরের শুরুতে বাড়ল ২৫২ টাকা।

৫ বছরে দাম বেড়েছে প্রায় দ্বিগুণ
মাসে মাসে দাম সমন্বয়ের পরও গত ৫ বছরে এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। ২০২১ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ৩২ দফায় দাম বাড়িয়েছে। তবে একই সময়ে বিভিন্ন দফায় দাম কমানোও হয়েছে। সব মিলিয়ে ৯৭৫ টাকা থেকে সিলিন্ডারের নির্ধারিত দাম বেড়ে হয়েছে ১ হাজার ৯৪০ টাকা।

২০২১ সালের ১২ এপ্রিল দেশে প্রথমবার বেসরকারি পর্যায়ের এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। তখন ১২ কেজি সিলিন্ডারের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয় ৯৭৫ টাকা। এরপর বিশ্ববাজারের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে দাম পরিবর্তন করা হয়।

প্রথম বছরেই দাম কয়েক দফা ওঠানামা করে। ২০২১ সালের এপ্রিলের দাম ৯৭৫ টাকা থেকে মে ও জুনে দাম কমে ৯০৬ ও ৮৪২ টাকায় নেমেছিল। এরপর জুলাই থেকে নভেম্বর পর্যন্ত টানা পাঁচ দফা দাম বাড়ে। ওই বছরের নভেম্বরের শেষে ১২ কেজির সিলিন্ডারের দাম দাঁড়ায় ১ হাজার ৩১৩ টাকা। পরে ডিসেম্বরে এক দফায় ৮৫ টাকা কমিয়ে ১ হাজার ২২৮ টাকা করা হয়।

২০২২ সালে দাম বাড়ে সাত দফা, আর দাম কমে ৫ বার। তবে বছর শেষে ডিসেম্বরে গিয়ে দাম দাঁড়ায় ১ হাজার ২৯৭ টাকা, আর পরের জানুয়ারিতে যা ছিল ১ হাজার ১৭৪ টাকা। ২০২৩ সালেও সাত দফা বাড়ানোর বিপরীতে ৫ দফা দাম কমানো হয়। ওই বছরের শুরুতে থাকা ১ হাজার ২৩২ টাকা থেকে ডিসেম্বরের শেষে দাম দাঁড়ায় ১ হাজার ৪০৪ টাকা। যদিও ওই বছর সবচেয়ে কম দাম ছিল জুন মাসে, ৯৯৯ টাকা।

২০২৪ সালে সাত দফায় সিলিন্ডারের দাম বাড়ানো হয়। বছরের শুরুতে ১ হাজার ৪৩৩ টাকা থেকে ফেব্রুয়ারিতে ১ হাজার ৪৭৪ এবং মার্চে ১ হাজার ৪৮২ টাকায় ওঠে। এরপর কয়েক দফা কমা-বাড়ার পর নভেম্বর ও ডিসেম্বর মাসে দাম ছিল ১ হাজার ৪৫৫ টাকা।

২০২৫ সালে দাম বাড়ানোর প্রবণতা তুলনামূলক কম ছিল। বছরজুড়ে দুই দফা বাড়ানোর বিপরীতে একাধিক দফায় দাম কমানো হয়। নভেম্বর মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম কমে ১ হাজার ২১৫ টাকায় নেমেছিল। আর সর্বোচ্চ দাম ছিল ফেব্রুয়ারিতে ১ হাজার ৪৭৮ টাকা।

চলতি বছরের প্রথম চার মাসে আবারও এলপিজির দামে বড় ধরনের পরিবর্তন আসে। জানুয়ারিতে ১ হাজার ২৫৩ টাকা থেকে ফেব্রুয়ারিতে ১ হাজার ৩৫৬ টাকা করা হয়। পরে ভ্যাট কমানোর কারণে ১৫ টাকা কমে দাম দাঁড়ায় ১ হাজার ৩৪১ টাকা। মার্চে দাম অপরিবর্তিত ছিল। এরপর এপ্রিলে দুই দফায় মোট ৫৯৯ টাকা বাড়ানো হয়। প্রথম দফায় ৩৮৭ টাকা এবং দ্বিতীয় দফায় ২১২ টাকা বাড়িয়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকায় নির্ধারণ করা হয়।

অর্থাৎ, ২০২১ সালের এপ্রিলে ১২ কেজি এলপিজির দাম ছিল ৯৭৫ টাকা; যা ২০২৬ সালের এপ্রিলে এসে দাঁড়ায় ১ হাজার ৯৪০ টাকা। দেখা যাচ্ছে, ৫ বছরে দাম বেড়েছে ৯৬৫ টাকা, যা প্রায় ৯৯ শতাংশ।

চলতি বছরের এপ্রিলের পর আগস্টে এক দফায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করে বিইআরসি। তবে এর আগে জুনে ৫৫ টাকা এবং জুলাইয়ে ৩৫৭ টাকা কমানো হয়। গত সেপ্টেম্বরে আরও ১৩ টাকা কমিয়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।