১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৮

কারিগরি ত্রুটিতে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র।  © টিডিসি ছবি

কারিগরি ত্রুটির কারণে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ রয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে কেন্দ্রটির প্রথম ইউনিট স্বাভাবিকভাবে চালু রয়েছে।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বিষয়টি নিশ্চিত করে বলেন, কারিগরি ত্রুটির কারণে দ্বিতীয় ইউনিটটি বন্ধ রয়েছে। এটি পুনরায় চালু হতে অন্তত চার দিন সময় লাগতে পারে। এ জন্য প্রয়োজনীয় কাজ চলছে।

তিনি আরও বলেন, কেন্দ্রের প্রথম ইউনিট চালু রয়েছে এবং সেখান থেকে জাতীয় গ্রিডে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তবে দ্বিতীয় ইউনিটে কী ধরনের কারিগরি ত্রুটি হয়েছে, তা নির্দিষ্ট করে জানাতে পারেননি তিনি।

বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, ২০১০ সালে ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০১২ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও ভারতের এনটিপিসি লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেড (বিআইএফপিসিএল) নামে একটি কোম্পানি গঠন করা হয়।

এই কোম্পানির অধীনে ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট (রামপাল) নির্মাণ শুরু হয়। রামপাল উপজেলার রাজনগর ও গৌরম্ভা ইউনিয়নের সাপমারী-কৈগর্দ্দাশকাঠি মৌজায় ১ হাজার ৩৪ একর জমি অধিগ্রহণের পর প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করা হয়।

দীর্ঘ প্রক্রিয়া শেষে ২০২২ সালের ২৩ ডিসেম্বর কেন্দ্রটির প্রথম ইউনিটে উৎপাদন শুরু হয়। এর প্রায় এক বছর পর ২০২৩ সালের ২৪ অক্টোবর দ্বিতীয় ইউনিটে পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু হয়। পরে ২০২৪ সালের ১২ মার্চ দ্বিতীয় ইউনিটটি আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক উৎপাদনে যায়।

তবে বাণিজ্যিক উৎপাদন শুরুর পর থেকে কারিগরি ত্রুটি ও বিভিন্ন কারণে কেন্দ্রটির উৎপাদন ৩০ বারের বেশি বন্ধ হওয়ার খবর পাওয়া গেছে।