দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ, ঘুষ-কাণ্ডে জড়িত ইউএনও অফিসের সেই কর্মকর্তাকে বদলি
রাজবাড়ীর কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বসে সেবাগ্রহীতার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে আলোচিত প্রশাসনিক কর্মকর্তা আফরোজা চৌধুরীকে ফরিদপুরের চরভদ্রাসন ইউএনও কার্যালয়ে বদলি করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
গত ৪ আগস্ট দ্য ডেইলি ক্যাম্পাসসহ বিভিন্ন গণমাধ্যমে কালুখালী ইউএনও অফিসে বসে আফরোজা চৌধুরীর ঘুষ নেওয়ার একটি ভিডিও ভাইরাল হওয়ার খবর প্রকাশিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, নিজের অফিস কক্ষে টেবিলে বসেই তিনি এক ব্যক্তির কাছ থেকে অনৈতিকভাবে টাকা গ্রহণ করে ব্যাগে রাখছেন। বিষয়টি ছড়িয়ে পড়লে সাধারণ সেবাপ্রার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
সংবাদ প্রকাশের পরপরই জেলা প্রশাসন থেকে উক্ত কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়। পরবর্তী সময়ে জেলা প্রশাসক এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ প্রতিবেদন ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পাঠান।
জেলা প্রশাসকের পাঠানো প্রতিবেদনের ভিত্তিতেই এ শাস্তিমূলক বদলির আদেশ জারি করে বিভাগীয় কমিশনারের কার্যালয়। সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাঠ প্রশাসন শাখা থেকে জারি করা অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (মাঠ প্রশাসন) মো. শাওকত মেহেদী সেতু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আদেশে আরও জানানো হয়, অভিযুক্ত কর্মকর্তা আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল (কালুখালী) হতে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে (চরভদ্রাসন) যোগদান করবেন। অন্যথায় আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ অপরাহ্ণে তিনি বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।