রবিবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য গোপালগঞ্জের বেশ কিছু এলাকায় রবিবার (২ আগস্ট) টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (১ আগস্ট) ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ সঞ্চালন লাইনের আশপাশের গাছের ডালপালা কর্তন ও জরুরি উন্নয়নমূলক কাজের জন্য গোপালগঞ্জের ১১ কেভি মোহাম্মদ পাড়া ফিডারের আওতাধীন এলাকাগুলোতে রবিবার সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সেগুলো হলো—বটতলা, গো হাটা রোড, শিক্ষক পল্লি, জনতা রোড, বৈশাখী রোড, চাদমারী, ব্যাংক পাড়া, হীরা বাড়ি, মোহাম্মদ পাড়া মোড়, নতুন স্কুল রোড, বাগচীবাড়ি, ইসলামবাগ, মান্দারতলা ও আশ্রম রোড এলাকা।
সাময়িক এই অসুবিধার জন্য বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করা হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিষয়টি জানিয়ে মাইকিং করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ভবিষ্যতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করার লক্ষ্যে গ্রাহকদের সার্বিক সহযোগিতা কামনা করেছে ওজোপাডিকো।