আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ এবং আশপাশের গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের কারণে আজ শনিবার (১ আগস্ট) দেশের কয়েকটি এলাকায় সকাল থেকে টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (৩১ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানায়, নতুন ৩৩ কেভি লাইনের তার স্থাপন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৭ নম্বর ফিডারের আওতাধীন বনপাড়া ফজলিতলা, আহম্মেদপুর, খৌদ্দকাচুটিয়া, বৃ-কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, ধানুড়া (আংশিক), কলাকান্তনগর, কায়েমকোলা ও নওপাড়া এলাকায় নির্ধারিত সময় পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এদিন উক্ত এলাকাগুলোতে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। বিদ্যুৎ বন্ধের কারণে সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। এছাড়া বাস্তব কাজে বিদ্যুৎ বন্ধের সময়কাল কিছু কম-বেশি হতে পারে বলেও জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।
অন্যদিকে, গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ, ওজোপাডিকো জানিয়েছে, বিদ্যুৎ লাইনের আশেপাশের গাছের ডালপালা কর্তনের জন্য গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ, ১১কেভি টাউন ফিডারের আওতায় শনিবার সকাল ৬টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ডি.সি রোড, সাহাপাড়া, চৌরংগী, বড় বাজার এলাকা (শনিবার সাপ্তাহিক বন্ধ), থানাপাড়া, লঞ্চঘাট, গোপালগঞ্জ সরকারি কলেজ সম্মুখ অংশ, শিশুবন রোড এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার সকাল ১০টায় এসএসসি পরীক্ষা থাকায় ভোরে কাজে সিডিউল করা হয়েছে জানিয়ে গ্রাহকদের সহযোগিতা চেয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।