৩০ জুলাই ২০২৬, ১৯:১৩
আগস্ট মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ করল সরকার
ভোক্তাপর্যায়ে আগস্ট মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ করেছে সরকার। জুন ও জুলাইয়ের মতো এ মাসেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের সর্বশেষ নির্ধারিত খুচরা মূল্যই বহাল থাকবে। ফলে আগস্ট মাসে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকায় বিক্রি হবে। আগামী ১ আগস্ট থেকে এ মূল্যহার বলবৎ থাকবে
এর আগে, গত ৩১ মে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়েছিল। এরপর জুন ও জুলাই মাসেও জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রাখা হয়েছিল।