এইচএসসি পরীক্ষার জন্য ৭ দিন লোডশেডিং স্থগিত
চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্বিঘ্ন, সুষ্ঠু ও স্বস্তিকর পরিবেশে সম্পন্ন করতে পূর্বনির্ধারিত পরিকল্পিত লোডশেডিং ও বিদ্যুৎ শাটডাউন কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে বিদ্যুৎ বিভাগ।
ঘোষণা অনুযায়ী, আগামী ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত কুড়িগ্রাম ও লালমনিরহাট অঞ্চলে কোনো নির্ধারিত লোডশেডিং বা শাটডাউন থাকবে না। পরীক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সোমবার (২৭ জুলাই) নিশ্চিত করেছেন কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. শামীম পারভেজ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)-এর গ্রিড নেটওয়ার্ক শক্তিশালীকরণ প্রকল্পের কাজের জন্য ওই সাত দিন সঞ্চালন লাইনে শাটডাউন ও পরিকল্পিত লোডশেডিংয়ের কথা জানানো হয়েছিল। তবে পরীক্ষা চলাকালে কেন্দ্রে যাতে বিদ্যুৎ বিভ্রাটের কারণে পরীক্ষার্থীদের পড়াশোনা বা পরীক্ষা দিতে সমস্যা না হয়, সে লক্ষ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও পল্লী বিদ্যুৎ সমিতিসহ সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলোকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকাগুলোতেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বিশেষ নজরদারি চালানো হবে।
জিএম মো. শামীম পারভেজ জানান, গ্রীষ্মকালীন অতিরিক্ত চাহিদা ও জাতীয় গ্রিডের ওপর চাপ থাকা সত্ত্বেও পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে নির্ধারিত শাটডাউন ও লোডশেডিং স্থগিত রাখা হয়েছে। তা সত্ত্বেও কোথাও অনাকাঙ্ক্ষিত কোনো কারিগরি ত্রুটি দেখা দিলে তা দ্রুত মেরামতে পল্লী বিদ্যুতের জরুরি রেসপন্স টিম প্রস্তুত থাকবে।