রাজধানীর যেসব এলাকায় শনিবার সারাদিন বিদ্যুৎ থাকবে না
জরুরি উন্নয়নকাজের অংশ হিসেবে গাজীপুরের কাশিমপুর সংলগ্ন বেশ কয়েকটি এলাকায় শনিবার (২৫ জুলাই) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (২৪ জুলাই) রাতে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কাশিমপুর জোনাল অফিস থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নরসিংহপুর রোডের সুরাবাড়ী উপকেন্দ্র থেকে বিস্তৃত ১১ কেভি ফিডারটি অতিরিক্ত দীর্ঘ ও অতিরিক্ত লোডযুক্ত হওয়ায় তা নতুন করে পুনর্বিন্যাস করা হচ্ছে। ভবিষ্যৎ লোডশেডিং হ্রাস এবং এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ওই লাইনটি ভেঙে দুটি নতুন ফিডার নির্মাণের কাজ চলবে।
এ কারণে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে। কাশিমপুর, সুরাবাড়ি, বাগবাড়ী, শরপাইতলী, ছায়াতল মার্কেট, দত্ত মার্কেট, রাইচমিল ও মিছারবাগ বটতলার আশপাশের এলাকা, মাদ্রাসা বাজার, শাকিল সিনথিয়া রোড, মনটেক্স এলাকা, লালদিঘি, কবরস্থান এলাকা, বারেন্ডা (আংশিক), রফিকুল ইসলাম স্কুল ও খানকা শরিফের আশপাশের এলাকা, রওশন মার্কেট, হাকের নাল এবং নয়াপাড়ার আংশিক এলাকা।
কাশিমপুর জোনাল অফিস কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই উন্নয়নকাজ সম্পন্ন হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।