১০ জুলাই ২০২৬, ১৭:০৬

বন্যার পানি মিশে ব্যবহার অযোগ্য চট্টগ্রাম ওয়াসার পানি

চট্টগ্রাম ওয়াসা  © সংগৃহীত

চট্টগ্রামে অতিরিক্ত বৃষ্টিতে পান ও ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে চট্টগ্রাম ওয়াসার পানি। নগরের বেশ কিছু এলাকায় গ্রাহকের ভূ-গর্ভস্থ জলাধারের পানি প্লাবনের পানিতে মিশে যাওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ অবস্থায় বাড়ির আন্ডারগ্রাউন্ড ও ওভারহেড রিজার্ভার জীবাণুমুক্ত করে পানি ফুটিয়ে খাওয়ার জন্য অনুরোধ করেছে চট্টগ্রাম ওয়াসা।

আজ শুক্রবার (১০ জুলাই) এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম শহরের কিছু এলাকায় গ্রাহকের ভূ-গর্ভস্থ জলাধারের পানি প্লাবনের পানিতে মিশ্রিত হয়ে পান ও ব্যবহারের অযোগ্য হয়ে পড়ছে। ফলে সম্মানিত গ্রাহকগণকে তাদের বাড়ির আন্ডারগ্রাউন্ড ও ওভারহেড রিজার্ভার পরিষ্কারকরণ (জীবাণুমুক্তকরণ) এবং পানি ফুটিয়ে খাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

রিজার্ভার পরিষ্কার প্রক্রিয়া জানার জন্য চট্টগ্রাম ওয়াসার মড-১ (ফোন: ০১৩২৪-৭১২৪৩১), মড-২ (ফোন: ০১৩২৪-৭১২৪৩২), মড-৩ (ফোন: ০১৩২৪-৭১২৪১১) এবং মড-৪ (ফোন: ০১৩২৪-৭১২৪২৪) বিভাগ সার্বক্ষণিক সহযোগিতা করবে বলেও জানানো হয়েছে।