০৮ জুলাই ২০২৬, ১৮:১৮

বৃহস্পতিবার ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে দেশের যে জেলায় 

প্রতীকী ছবি   © সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ এবং গ্যাস কমিশনিং কাজের জন্য বগুড়া শহর ও তার আশপাশের এলাকাগুলোতে টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে পরদিন শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সরবরাহ বন্ধ রাখা হবে।

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে পিজিসিএল জানায়, সাসেক-২ (SASEC-II) প্রকল্পের আওতায় বগুড়া অঞ্চলের বনানী মোড় থেকে তিনমাথা রেলগেট পর্যন্ত বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর ও অপসারণের কাজ চলছে। এই উন্নয়নমূলক কাজের অংশ হিসেবেই বগুড়া ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন (ডিআরএস) এবং পাইপলাইনের দুই প্রান্তে টাই-ইন ও গ্যাস কমিশনিংয়ের কাজ করা হবে।

যেহেতু টাই-ইনের মূল কাজটি সরাসরি বগুড়া ডিআরএসের সঙ্গে সংযুক্ত, তাই নির্ধারিত ২৪ ঘণ্টা পুরো বগুড়া গ্যাস নেটওয়ার্কের সরবরাহ বন্ধ রাখতে হবে। এর ফলে শহরের আবাসিক, বাণিজ্যিক, সিএনজি ফিলিং স্টেশন, শিল্পকারখানা ও ক্যাপটিভ পাওয়ারসহ সব শ্রেণির গ্রাহক সাময়িকভাবে গ্যাস সেবা থেকে বঞ্চিত হবেন।

বনানী মোড় ও তিনমাথা রেলগেট ছাড়াও শাকপালা বাসস্ট্যান্ড, মিলেনিয়াম স্কুল, জাহাঙ্গীরনাবাদ ক্যান্টনমেন্ট, পল্লী বিদ্যুৎ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, পিজিসিবি (PGCB), জিটিসিএল (GTCL) এবং অতিথি সিএনজি ফিলিং স্টেশনসহ প্রায় ১২টি গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে এই টাই-ইন কাজ পরিচালিত হবে।

কর্তৃপক্ষ আরো জানিয়েছে, নির্ধারিত কারিগরি কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুততম সময়ের মধ্যে গ্যাস সরবরাহ পুনরায় স্বাভাবিক করা হবে। সাময়িক এই উন্নয়নমূলক কাজের জন্য গ্রাহকদের যে ভোগান্তি হবে, তার জন্য পিজিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এস এম তারিকুল ইসলাম আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন এবং কাজটি সফলভাবে শেষ করতে সবার সহযোগিতা কামনা করেছেন।