যে কারণে বিদ্যুতের দাম বেশি হচ্ছে, জানালেন বিদ্যুৎমন্ত্রী
ইরান-ইজরায়েল যুদ্ধের ফলে জ্বালানির মূল্য বৃদ্ধি পাওয়ায় ভর্তুকি কমাতে বিদ্যুতের দামের সঙ্গে সমন্বয় করতে গিয়ে বিদ্যুতের মূল্য বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ বুধবার (৮ জুলাই) বিকেলে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য মারদিয়া মমতাজের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানিয়েছেন।
এদিন এমপি মারদিয়া মমতাজ প্রশ্ন করেন, ২০২৩-২৪ অর্থবছরে ৮১ ভাগ ভর্তুকি দিতে হয়েছে এমন কিছু বিদ্যুৎ কেন্দ্রের জন্য, যেগুলো আসলে কোনো কাজ করছে না; যেটিকে আমরা ‘ক্যাপাসিটি চার্জ’ বলে থাকি। আগামী অর্থবছরের জন্য এ ব্যাপারে সরকারের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কিনা?
তিনি বলেন, যখনই বিদ্যুতের দাম বাড়ানোর ব্যাপারে আমরা প্রশ্ন করি, শুনি যে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। অথচ এই ভর্তুকি এবং খরচের একটি বড় অংশ ব্যয় হচ্ছে ক্যাপাসিটি চার্জের পেছনে। সুতরাং, এই ক্যাপাসিটি চার্জের বিষয়ে সরকারের আগামী অর্থবছরে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কিনা, তা জানতে চাই।
মারদিয়া মমতাজের প্রশ্নের জবাবে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিদ্যুতায়ন করার জন্য বিগত ফ্যাসিস্ট সরকার যেসব বেসরকারি কোম্পানিকে কাজ দিয়েছিল, তাদের সাথে যে চুক্তি করেছিল, তাদের সাথে ‘সোভেরেন গ্যারান্টি’ (Sovereign Guarantee) দেওয়া আছে। এই সোভেরেন গ্যারান্টি হচ্ছে রাষ্ট্রের গ্যারান্টি। আর এই গ্যারান্টি বা চুক্তি বাতিল করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করব, সেটি অনেক সময়সাপেক্ষ।
তিনি বলেন, আমরা চেষ্টা করছি। তাদের সাথে আরও অনেক জিনিস জড়িত আছে, সেসব জিনিসগুলোকে— বিশেষ করে লেট পেমেন্ট ফিস, এগুলো আমরা দেব না বলে আলোচনা করছি। আশা করি, আমরা ফলপ্রসূ আলোচনা করতে পারব। তাছাড়া, ইনফ্রাস্ট্রাকচারে যখন বিদ্যুৎ উৎপাদন ঢুকে যায়, তখন সিস্টেমকে চালিয়ে রাখার জন্য কোনো বিদ্যুৎ কেন্দ্রের সাথেই জোরজবরি করা যায় না, শক্ত নেগোসিয়েশন করা যায় না। সেজন্য যতদিন পর্যন্ত এদের সাথে চুক্তি আছে, আমরা চেষ্টা করব যাতে বিদ্যুতের দাম কমিয়ে আসা যায় এবং সহজমূল্যে বিদ্যুৎ দেওয়া যায়।
মন্ত্রী আরও বলেন, এর সাথে আরেকটি নতুন সংকট যোগ হয়েছে— ইরান-ইজরায়েল যুদ্ধের ফলে জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়ে গেছে। জ্বালানির মূল্য বৃদ্ধির ফলে আমাদেরকে মাঝে মাঝে ভর্তুকি কমানোর জন্য বিদ্যুতের দামের সাথে সমন্বয় করতে হয়, সেজন্য বিদ্যুতের দাম বাড়ে।