এলপি গ্যাসের দাম কমবে নাকি বাড়বে, জানা যাবে আজ
নতুন অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে নাকি কমবে, সে সিদ্ধান্ত জানা যাবে আজ বৃহস্পতিবার (২ জুলাই)। সৌদি আরামকোর জুলাই মাসের সৌদি কনট্রাক্ট প্রাইস (সিপি) বিবেচনায় ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির নতুন মূল্য ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বুধবার (১ জুলাই) বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানায়, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত জুলাই ২০২৬ মাসের সৌদি সিপি অনুযায়ী চলতি মাসের জন্য ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সংক্রান্ত কমিশনের আদেশ আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় ঘোষণা করা হবে।
বিইআরসি জানায়, রাজধানীর রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি)-এর শহীদ প্রকৌশলী ভবনের ষষ্ঠ তলায় কমিশনের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন মূল্য ঘোষণা করা হবে।
এছাড়া এলপিজির নতুন দর-সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে সর্বশেষ গত ২ জুন ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।