আজ সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে দুই জেলায়
গাছপালা কর্তন ও নতুন বিদ্যুৎ লাইন নির্মাণকাজের কারণে আজ শনিবার (২০ জুন) চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার কয়েকটি এলাকায় টানা প্রায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ আগাম এ তথ্য জানিয়ে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য সহযোগিতা কামনা করেছে।
চুয়াডাঙ্গা ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ শুক্রবার (১৯ জুন) এক বিজ্ঞপ্তিতে জানায়, বড়বাজার ফিডার ও নিউ মার্কেট ফিডারের ১১/.৪ কেভি লাইনের গাছপালা কর্তনের কাজ করা হবে। এ কারণে শনিবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বড়বাজার ফিডারের আওতায় দৌলোদিয়ার সরদারপাড়া, স্কুলপাড়া, ফায়ার সার্ভিসপাড়া ও বঙ্গজপাড়া এলাকায় বিদ্যুৎ থাকবে না। একই সঙ্গে নিউ মার্কেট ফিডারের আওতাধীন বড়বাজার নিউমার্কেট এলাকা, মুক্তিপাড়া, থানা রোডের দুই পাশ, দৌলোদিয়ার দক্ষিণপাড়া এবং কোরিয়াপাড়াতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই যেকোনো সময় লাইন চালু হতে পারে। এজন্য গ্রাহকদের সার্বক্ষণিক লাইন চালু রয়েছে ধরে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের অনুরোধ করা হয়েছে।
অন্যদিকে ঝিনাইদহ ওজোপাডিকোর মহেশপুর বিদ্যুৎ সরবরাহ বিভাগ পৃথক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নতুন লাইন নির্মাণ ও গাছপালা কর্তনের কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মহেশপুর বিদ্যুৎ সরবরাহের আওতাধীন উপকেন্দ্রের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণমূলক কাজ দ্রুত সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হবে।