আগামীকাল থেকে ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল রবিবার (১৭ মে) রাত থেকে সোমবার বিকেল পর্যন্ত মোট ১৮ ঘণ্টা ঢাকা জেলার বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ শনিবার (১৬ মে) দুপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবিবার রাত ১১টা থেকে শুরু করে ১৮ মে (সোমবার) বিকেল ৫টা পর্যন্ত টানা ১৮ ঘণ্টা নির্ধারিত এলাকাগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। পাইপলাইন প্রতিস্থাপন কাজের কারণেই এই সাময়িক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, আমিনবাজার ডিআরএস (ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন) থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের উভয় পাশের এলাকা, বলিয়ারপুর, হেমায়েতপুর, চামড়া শিল্পনগরী, সিংগাইর রোড, ফুলবাড়িয়া, নবীনগর, সাভার পৌর এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া বাজার, গৌরীপুর, কুমকুমারী, রাজাশন, কলমা এবং এর তৎসংলগ্ন এলাকার সকল শ্রেণির গ্রাহকের (আবাসিক, বাণিজ্যিক ও শিল্প) গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।
গ্যাস সরবরাহ বন্ধ থাকার পাশাপাশি উল্লিখিত এলাকাগুলোর পার্শ্ববর্তী অঞ্চলগুলোতেও ওই সময়ে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।