১০ মার্চ ২০২৬, ১৯:০৩

ভারত থেকে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

ডিজেল  © প্রতীকী ছবি

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে আসা শুরু হয়েছে। সোমবার (৯ মার্চ) দিবাগত রাতে ভারত প্রান্ত থেকে পাম্পিং শুরু হয়েছে। আগামীকাল বুধবারের মধ্যে এসব ডিজেল দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছানোর কথা রয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) বাণিজ্য ও অপারেশন বিভাগের উপ-ব্যবস্থাপক শ্যামল পাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামের নুমালিগড় রিফাইনারি থেকে এই জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। তিনি বলেন, মোট ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসবে। আশা করছি আগামীকালের মধ্যে সরবরাহ সম্পন্ন হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরি ভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে।

এর আগে গত রবিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্র জানিয়েছে, বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আগামী চার মাসে অতিরিক্ত আরও ৫০ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহের একটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। সরকারের এই উচ্চপর্যায়ের তৎপরতার অংশ হিসেবেই ৫ হাজার টনের এই প্রথম চালানটি দেশে আসছে।