২৮ নভেম্বর ২০২৬, ২২:১৯

জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা না করলে বাংলাদেশ পৃথিবীতে আসত না: ঢাবি উপাচার্য

অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম  © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, যদি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে বাংলাদেশ নামক দেশটি পৃথিবীতে আসত না 

শনিবার (২৮ নভেম্বর) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ঢাবি উপাচার্য বলেন, মুক্তিযুদ্ধে অনেকের অবদান আছে, তবে একভাবে জিয়াউর রহমানের অবদান অনেক বেশি। তার কারণে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি।

তিনি বলেন, ‘আমাদের দিকে অন্য দেশের বা যাকে বলে আধিপত্যবাদ, তাদের এখনো নজর আছে। আধিপত্যবাদীরা বসে নেই। তারা বাংলাদেশে নজর দিয়ে আছে।’

তার ভাষ্য, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে অবদান, সেটি আমরা মনে রাখতে চাই। তাকে যদি ভুলে যাই, তাহলে আমরা আসলেই বাংলাদেশের সঠিক ইতিহাসকে ভুলে যাব। তাকে যদি আমরা মূল্যায়ন না করি, তাহলে সত্যিকারভাবে তার প্রতি অবিচার করা হবে।’

‎ঢাবি উপাচার্য আরও বলেন, জিয়াউর রহমান বাংলাদেশকে বুকে ধারণ করতেন। দেশকে সুশাসন দেওয়ার লক্ষ্যে তিনি সাড়ে তিন বছরে বিভিন্ন কাজ করেছেন, যার সুফল আমরা এখনো ভোগ করছি। বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চিন্তা ও দর্শন অনুসরণ করে পথ চলেছেন। এ কারণে তিনিও জনপ্রিয় ছিলেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত সেই জনপ্রিয়তা ধরে রেখেছিলেন।