২৭ নভেম্বর ২০২৬, ১৯:২৭

প্রতিবন্ধী ভাতার টাকায় বই, অদম্য ইচ্ছাশক্তিতে কোচিং ছাড়াই ঢাবি-রাবি জয় রিশাদের

কোচিং ছাড়াই ঢাবি-রাবি জয় রিসাদ আলীর  © টিডিসি ছবি

জন্মগত শারীরিক প্রতিবন্ধকতা, সামাজিক কটূক্তি, পারিবারিক আর্থিক সংকট ও কোচিং করার সামর্থ্য না থাকা সত্ত্বেও সমস্ত বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন পূরণ করেছেন রিসাদ আলী। প্রতিবন্ধী ভাতার টাকা জমিয়ে বই কেনা, শিক্ষকদের দিকনির্দেশনা ও নিজের প্রচেষ্টায় ভর্তি প্রস্তুতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়—দুই বিশ্ববিদ্যালয়েই ভর্তির সুযোগ পেয়েছেন তিনি। গ্রামের কলেজে পড়াশোনা করে কোনো কোচিং ছাড়াই বিশ্ববিদ্যালয়ে ভর্তির লড়াইয়ে সফল হওয়া রিসাদ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে পড়ছেন।

জীবনের সংগ্রাম, ভর্তি প্রস্তুতি ও পরীক্ষার্থীদের জন্য পরামর্শ নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাস-এর সঙ্গে কথা বলেছেন রিসাদ।

নানাজনের কটূক্তি ও আর্থিক সংকটে দোটানায় শিক্ষাজীবন

রিসাদ আলীর জন্ম ২০০৬ সালের ১৫ সেপ্টেম্বর রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রত্যন্ত গ্রাম কয়লার দিয়াড়ে। জন্মগত কিছু শারীরিক প্রতিবন্ধকতার কারণে কথা বলা, লেখার পাশাপাশি হাঁটাচলার ক্ষেত্রেও প্রতিবন্ধকতা ছিল তার। তাতে প্রাথমিক জীবনে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে তাকে। রিসাদের ভাষায়— অনেকে বলত, ‘তুই তো ঠিকমতো কথা বলতে পারিস না, লিখতে পারিস না, তুই আবার পড়াশোনা করবি?’ 

তবে সমস্ত বাধাকে পাশ কাটিয়ে এসএসসি পাস করার পর রাজশাহী নিউ ডিগ্রি গভর্নমেন্ট কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিলেন রিসাদ। কিন্তু সেই সুযোগে বাধ সাধল পারিবারিক আর্থিক সংকট। তাতে শেষ পর্যন্ত গ্রামের কলেজে ভর্তি হতে হয় তাকে। রিসাদের ভাষায়, ‘এটি আমার জন্য মানসিকভাবে বড় ধাক্কা ছিল। হতাশ হয়ে পড়ি, কলেজে অনিয়মিত হয়ে যাই এবং পড়াশোনায় মনোযোগ হারাতে থাকি। একসময় মনে হচ্ছিল, নিজের লক্ষ্য থেকে অনেক দূরে সরে যাচ্ছি।’

তবে সেইসময়ে ত্রাণকর্তা হিসেবে রিসাদের পাশে দাঁড়ান তার কলেজের অধ্যক্ষ।  প্রথম সাময়িক পরীক্ষার পর কলেজের অধ্যক্ষ স্যার তাকে ডেকে জিজ্ঞেস করেন, ‘তুমি তো এসএসসিতে জিপিএ-৫ পেয়েছ, বোর্ড স্কলারশিপও পেয়েছ। তোমার পরীক্ষার ফল এমন কেন?’ উত্তরে রিসাদের নীরবতা দেখে তিনি পরিস্থিতি বুঝতে পারেন। এরপর পড়াশোনায় দিকনির্দেশনা, বই ও পরামর্শ দিয়ে কিংবা আবার কখনো আর্থিকভাবেও পাশে দাঁড়িয়ে তাকে সাহায্য করেন। তিনি রিসাদকে প্রায়ই বলতেন, ‘তুমি যদি পড়াশোনা করো, তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবশ্যই সুযোগ পাবে।’ সেখান থেকেই বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন তৈরি হয় বলে জানান রিসাদ আলী।

কোচিং ছাড়াই ভর্তি প্রস্তুতি, শিক্ষকদের দিকনির্দেশনায় ঢাবির স্বপ্ন

আর্থিক দুরাবস্থার কারণে রিসাদের পরিবারের সামর্থ্য ছিল না বাইরে রেখে পড়ানো কিংবা কোচিং করানোর। আর্থিক এই অনিশ্চয়তা কাটাতে তার সম্বল হয়ে উঠে সরকার প্রদত্ত প্রতিবন্ধী ভাতা। উচ্চশিক্ষার স্বপ্নে রিসাদের পাশে ছিলেন তার মা। রিসাদ জানান, ‘মা বলেছিলেন, প্রয়োজনে গরু বিক্রি করে দেবেন, কিন্তু আমাকে চেষ্টা করতে হবে। এসব কথা আমাকে সাহস জোগাত। আমার বিশ্বাস ছিল, কোনো পথ বন্ধ হয়ে গেলে বিকল্প পথ খুঁজতে হয়।’

তিনি জানান, এইচএসসি পরীক্ষার সময় শ্রদ্ধেয় শিক্ষক মোহাম্মদ মাহাবুব আল ফাহিম স্যারের সঙ্গে পরিচয় হয়। ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় দুই ঘণ্টা বিশ মিনিটের মধ্যে লেখা শেষ করেছিলাম। তখন পরিদর্শক দল হলে এসে আমাকে হাসতে দেখে প্রশ্ন করে, কেন হাসছি। আমি বলেছিলাম, ‘স্যার, আই অ্যাপোলাইজ, আমার লেখা শেষ হয়ে গেছে।’ তারা বিশ্বাস না করলেও পরে খাতা দেখে আমাকে বাহবা দেন। ওই দিন স্যার আমাকে বিশেষভাবে চিনতে পারেন।

রিসাদ জানান, পরীক্ষা শেষে তিনি আমাকে ভর্তি কোচিং করার প্রস্তাব দেন এবং সহযোগিতার আশ্বাস দেন। কিন্তু পারিবারিক সমস্যার কারণে রাজশাহী যাওয়া সম্ভব ছিল না। তখন তিনি বাড়িতে থেকে প্রস্তুতি নেওয়ার জন্য গাইডলাইন দেওয়ার প্রস্তাব করেন। সাপ্তাহিক ছুটির দিন, অন্যান্য ছুটি এবং প্রয়োজনে হোয়াটসঅ্যাপে আমাকে পড়াশোনার পরামর্শ দেবেন বলে জানান।

আমি শুরুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিতে চাইলেও স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চেষ্টা করার পরামর্শ দেন। তিনি বলেছিলেন, ‘ঠিক আছে, আমি তোমাকে লিখিতও দেখাব। কিন্তু তোমাকে কথা দিতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে দেখাবে।’ তার এই কথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন তৈরি হয়। এরপর তিনি সপ্তাহে শুক্রবার ও শনিবারসহ বিভিন্ন ছুটির দিনে আমাকে পড়াতেন। কোনো বিষয় বুঝতে সমস্যা হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতাম, তিনি বুঝিয়ে দিতেন এবং লিখিত পরীক্ষার অনুশীলন করাতেন।

আমাকে গাইডলাইন ও কিছু বই দিয়ে উনি সহযোগিতা করেছিলেন। এছাড়াও, আমি আমার প্রতিবন্ধী ভাতার টাকা দিয়ে প্রয়োজনীয় কয়েকটা বই কিনে পড়েছিলাম। প্রতিনিয়ত হতাশ হয়েছি, কেঁদেছি, ভেবেছিলাম অনেকে কোচিং করেই চান্স পায় না, সেখানে আমি কীভাবে চান্স পাব। কিন্তু আমি কখনো হাল ছাড়িনি। আমার অল্প সম্বলগুলো, মা-বাবার দোয়া, শিক্ষকের গাইডলাইন নিয়ে এগিয়ে গিয়েছি।

আমার পরিকল্পনা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ভালো না হলে পরবর্তী প্রায় এক মাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিতে কাজে লাগাব। অনেক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলে প্রস্তুতির সময় কমে যাবে এবং এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটতে হবে। তাই নির্দিষ্ট দুটি বিশ্ববিদ্যালয়ে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিই। আমার মনে হয়েছিল, অনেক জায়গায় পরীক্ষা দেওয়ার চেয়ে নির্দিষ্ট লক্ষ্য ধরে প্রস্তুতি নেওয়া বেশি গুরুত্বপূর্ণ।

আলহামদুলিল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় দুটিতেই ভর্তির সুযোগ পেয়েছি। আমার কাছে এটি অনেক বড় অর্জন। আর্থিক সংকট, হতাশা, পড়াশোনায় পিছিয়ে পড়া ও কোচিং করার সামর্থ্য না থাকা—সবকিছু মিলিয়ে যাত্রাটি সহজ ছিল না। আমার কলেজের অধ্যক্ষ স্যার ও মোহাম্মদ মাহাবুব আল ফাহিম স্যারের অনুপ্রেরণা, দিকনির্দেশনা ও সহযোগিতা আমাকে নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছে। আজ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে পড়ছি। আমার বিশ্বাস, সবকিছু না থাকলেও চেষ্টা করার মানসিকতা থাকলে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব।

পরীক্ষার্থীদের জন্য রিশাদের পরামর্শ

আমার পরামর্শ থাকবে, পরীক্ষার এক-দুই সপ্তাহ আগে নতুন কোনো বিষয় না পড়ে এতদিন যা পড়েছ, সেগুলো বারবার রিভিশন দেবে। পর্যাপ্ত ঘুম, ঠিকমতো খাওয়াদাওয়া এবং মানসিকভাবে স্থির থাকা গুরুত্বপূর্ণ। পরীক্ষার আগে ভয়, উদ্বেগ কিংবা হতাশা কাজ করাটা স্বাভাবিক। অতিরিক্ত চিন্তা না করে নিজের প্রস্তুতির ওপর আস্থা রাখতে হবে। কোনো প্রশ্ন অপরিচিত মনে হলে ঠান্ডা মাথায় বুঝে যতটা সম্ভব সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষায় সময় সীমিত, তাই প্রশ্ন বুঝে টু দ্য পয়েন্টে উত্তর দেওয়া জরুরি। পাশাপাশি গুরুত্বপূর্ণ টপিক রিভিশন ও প্রশ্নব্যাংক অনুশীলন করতে হবে।

পরীক্ষার আগে মানসিক চাপ বেশি হলে বিশ্বস্ত শিক্ষক, বাবা-মা, বড় ভাই-বোন কিংবা কাছের কারও সঙ্গে কথা বলা উচিত। নিজের অনুভূতি ভাগ করে নেওয়া ও পরামর্শ নেওয়া অনেক সময় মানসিক স্বস্তি দেয়। অভিভাবকদেরও পরীক্ষার্থীদের বাড়তি চাপ না দিয়ে পাশে থাকা এবং তাদের প্রচেষ্টাকে মূল্যায়ন করা প্রয়োজন। পরীক্ষাই জীবনের সবকিছু নয় এ কথাটি বোঝানোও জরুরি।

পরীক্ষার্থীদের উদ্দেশে আমার বার্তা, তোমরা ভয় পাবে না, হতাশ হবে না কিংবা অতিরিক্ত চিন্তায় নিজেকে অস্থির করে তুলবে না। এতদিন যা পড়েছ, তা ভালোভাবে রিভিশন দাও, পর্যাপ্ত ঘুমাও, ঠিকমতো খাওয়াদাওয়া করো এবং নিজের প্রতি বিশ্বাস রাখো। পরীক্ষার হলে ঠান্ডা মাথায় প্রশ্ন বুঝে উত্তর দেওয়ার চেষ্টা করবে। সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রাখবে এবং নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে। মনে রাখবে, তোমার কাজ চেষ্টা করে যাওয়া; বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছা। তাই আত্মবিশ্বাস ধরে রাখো এবং ভয়কে জয় করে এগিয়ে যাও।