২৭ নভেম্বর ২০২৬, ১৮:৩৩

উন্নয়নের নামে গাছপালা কাটা বন্ধের আহ্বান জাবি উপাচার্যের ‎

উন্নয়নের নামে গাছপালা কাটা বন্ধের আহ্বান জাবি উপাচার্যের ‎  © সংগৃহীত

‎উন্নয়নের নামে গাছপালা কাটা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। তিনি বলেন, প্রাণ-প্রকৃতি সুরক্ষায় ব্যক্তিগত পর্যায় থেকেও পরিবর্তন আনতে হবে। বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনকালে আর কোনো অপরিকল্পিত গাছ কর্তন করতে দেওয়া হবে না। ‎শুক্রবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ১৬তম প্রজাপতি মেলা উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। বেলা সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপাচার্য।
‎
‎উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, ‘উন্নয়নের নামে গাছপালা কাটা বন্ধ করতে হবে এবং প্রাণ-প্রকৃতি সুরক্ষায় ব্যক্তিগত পর্যায়ে পরিবর্তন আনতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি দায়িত্বে থাকা অবস্থায় আর কোনো অপরিকল্পিত গাছ কর্তন করতে দেওয়া হবে না। প্রকৃতি সংরক্ষণ আমার জীবনের সুরক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।’
‎
‎তিনি আরও বলেন, ক্যাম্পাসে এমন প্রাকৃতিক পরিবেশ গড়ে তুলতে চান, যেখানে প্রজাপতিকে কৃত্রিম নেটের মধ্যে নয়, বরং ফুল ও গাছের সান্নিধ্যে মুক্তভাবে দেখা যাবে।
‎
‎মেলার আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনোয়ার হোসেন বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একসময় ১১০ প্রজাতির প্রজাপতি পাওয়া যেত। বর্তমানে তা কমে ৭০টিতে দাঁড়িয়েছে। গবেষণায় প্রজাপতির আবাসস্থল, বিশেষ করে ঝোপঝাড় ও বড় গাছ কমে যাওয়াকে এ হ্রাসের কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
‎
‎তিনি বলেন, প্রজাপতির আবাস ও খাদ্য উপযোগী গাছপালা সম্পর্কে মানুষকে সচেতন করতে মেলার আয়োজন করা হচ্ছে। শিক্ষার্থী ও শিশুদের প্রকৃতি সংরক্ষণে সম্পৃক্ত করার পাশাপাশি সুন্দরবন, বান্দরবানসহ দেশের বিভিন্ন বনাঞ্চলের জীববৈচিত্র্য সম্পর্কে জানানো এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
‎
‎অধ্যাপক মনোয়ার হোসেন বলেন, নগরায়ণ ও উন্নয়নের সঙ্গে প্রকৃতির বিরোধ তৈরি হচ্ছে। তবে পরিকল্পিত উন্নয়ন ও বিশেষজ্ঞদের সম্পৃক্ততার মাধ্যমে বন্যপ্রাণী, পাখি ও প্রজাপতির সঙ্গে মানুষের সহাবস্থান নিশ্চিত করা সম্ভব। এ জন্য মাস্টারপ্ল্যান ও আধুনিকায়ন কার্যক্রমে প্রকৃতি সংরক্ষণকে গুরুত্ব দিতে হবে।
‎
‎তিনি আরও বলেন, ১৬ বছর ধরে আয়োজনটি চলার পর এবার বাংলাদেশ সরকারের স্বীকৃতি পেয়েছে প্রজাপতি মেলা। তরুণ প্রজন্মকে গবেষণা, আলোকচিত্র ও প্রকৃতি সংরক্ষণে উৎসাহিত করতে বিভিন্ন পুরস্কার দেওয়া হচ্ছে। নতুন প্রজন্মকে এ কাজে যুক্ত করতে পারলে সংরক্ষণ কার্যক্রম আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
‎
‎এবারের মেলায় প্রকৃতি সংরক্ষণে অবদানের জন্য পানি সম্পদ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক ড. আইনুন নিশাতকে ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। বন্যপ্রাণী গবেষণায় অবদানের জন্য নাবিলা জামান জ্যোতিকে ‘বাটারফ্লাই ইয়াং এনথুসিয়াস্ট’ পুরস্কার দেওয়া হয়।
‎
‎এ ছাড়া মেলায় ‘Larval Host Plants of Butterflies in Bangladesh’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বইটিতে ৫০ প্রজাতির প্রজাপতির লার্ভার ছবি, পোষক উদ্ভিদের বিবরণ, পূর্ণাঙ্গ প্রজাপতির জীববিজ্ঞান ও শনাক্তকরণসংক্রান্ত জিনভিত্তিক তথ্য রয়েছে।
‎
‎আলোকচিত্র প্রতিযোগিতায় প্রথম হয়েছেন অরুণাভো ব্রুনো, দ্বিতীয় মাসুক আহাম্মেদ ও তৃতীয় ইকবাল এইচ বাবু। বন্যপ্রাণী সংরক্ষণে মিডিয়া অ্যাওয়ার্ডে ব্রডকাস্ট ক্যাটাগরিতে আকিব সুলতান অর্ণব (এনটিভি), প্রিন্ট ক্যাটাগরিতে যুগ্মভাবে ওসমান সরদার (দৈনিক যায়যায়দিন) ও বেনজির হোসেন (দৈনিক ইত্তেফাক) এবং ডিজিটাল ক্যাটাগরিতে যুগ্মভাবে মো. আতাউর রহমান (দৈনিক বণিক বার্তা) ও সাগর হোসাইন (দৈনিক নিউ এজ) পুরস্কার পেয়েছেন।
‎
‎দিনব্যাপী আয়োজনে র‍্যালি, প্রজাপতির গল্পে পাপেট শো, অরিগ্যামি, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী, প্রজাপতির হাট, প্রজাপতির আদলে ঘুড়ি ওড়ানো, বারোয়ারি বিতর্ক, প্রজাপতি চেনা প্রতিযোগিতা এবং প্রজাপতি বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
‎
‎মেলায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মানছুরুল হক, আইইউসিএন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ বিপাশা হোসাইন, অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
‎