২৬ নভেম্বর ২০২৬, ১৫:৫৩

দেশের বৈজ্ঞানিক কর্মকাণ্ডে তরুণ গবেষকদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ‘অধ্যাপক মো. আলী নওয়াব আন্তর্জাতিক সম্মেলন’-এর উদ্বোধনী অনুষ্ঠান।  © সংগৃহীত

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন উদ্ভাবন এবং দেশের বৈজ্ঞানিক কর্মকাণ্ডে তরুণ গবেষকদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ‘অধ্যাপক মো. আলী নওয়াব আন্তর্জাতিক সম্মেলন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রসায়ন বিভাগের প্রয়াত অধ্যাপক ড. মো. আলী নওয়াবের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগ ‘এডভান্স ইন সারফেস কেমিস্ট্র অ্যান্ড কল্লোইডাল সাইন্স’ শীর্ষক দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের কাজ শুধু বিদ্যমান জ্ঞান বিতরণের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। বিশ্ববিদ্যালয়কে নতুন জ্ঞান সৃষ্টি, উদ্ভাবন, সৃজনশীল ও সমালোচনামূলক চিন্তাভাবনা এবং বাস্তব বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ সমাধানের কেন্দ্র হিসেবে গড়ে উঠতে হবে। এ লক্ষ্যে আমাদের গবেষণার পরিবেশ উন্নত করতে হবে এবং আন্তঃবিভাগীয় সহযোগিতা জোরদার করতে হবে।”

মানসম্মত গবেষণার জন্য বিশ্বের শীর্ষস্থানীয় শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানসমূহের সঙ্গে অর্থবহ অংশীদারিত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, বৈজ্ঞানিক জ্ঞান আদান-প্রদান, গবেষণার অভিজ্ঞতা বিনিময়, পেশাগত সম্পর্ক গড়ে তোলা এবং যৌথ গবেষণামূলক উদ্যোগ বাস্তবায়নে এ ধরনের সম্মেলন কার্যকর ভূমিকা রাখবে।

প্রয়াত অধ্যাপক মো. আলী নওয়াবের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে ঢাবি উপাচার্য বলেন, “গবেষণার পাশাপাশি তিনি পাঠদান, পরামর্শ প্রদান এবং একাডেমিক উৎকর্ষ সাধনে বিশেষ অবদান রেখে গেছেন। শ্রেণিকক্ষ ও গবেষণাগারের বাইরেও তাঁর প্রভাব বিস্তৃত ছিল। তিনি শিক্ষার্থী ও গবেষকদের নিষ্ঠা, সততা ও বুদ্ধিবৃত্তিক কৌতূহল নিয়ে জ্ঞান অর্জনে অনুপ্রাণিত করেছেন।”

এ সময় প্রয়াত এই অধ্যাপকের জীবন ও কর্ম অনুসরণের মাধ্যমে শিক্ষা ও গবেষণায় এগিয়ে আসার জন্য তরুণ গবেষকদের প্রতি আহ্বান জানান উপাচার্য।

রসায়ন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. ফরিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন এবং অধ্যাপক ড. মো. আলী নওয়াবের জ্যেষ্ঠ পুত্র মো. আলী নাকী। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন সম্মেলন আয়োজক কমিটির সাধারণ সম্পাদক ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. এমরান কাইয়ুম।