২৪ নভেম্বর ২০২৬, ১৯:৫৯

ঢাবির দুই শিক্ষক বরখাস্ত, সাবেক উপাচার্যসহ দুইজনকে হাজিরের নির্দেশ

মাকসুদ কামাল, শাহরিমা তানজিন অর্নি, আজহার উদ্দিন ভূঁইয়া ও মুশফিকুর রহমান  © ফাইল ফটো

অনুমতি ছাড়া বিদেশে অবস্থান এবং ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও কর্মস্থলে যোগ না দেওয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল এবং আরও এক প্রভাষককে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সাবেক উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল ও আইন বিভাগের প্রভাষক শাহরিমা তানজিন অর্নিকে সশরীরে সাত কর্মদিবসের মধ্যে রেজিস্টারের কাছে রিপোর্ট করার নির্দেশ দিয়েছে সিন্ডিকেট।

তাছাড়া অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মুশফিকুর রহমান ও আইন বিভাগের প্রভাষক আজহার উদ্দিন ভূঁইয়া অনুমতি ছাড়া দেশের বাইরে অবস্থান করছেন। এজন্য বিধি অনুযায়ী তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।

অপরদিকে, ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক শবনম জাহান ও মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক কামাল উদ্দিনের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণসহ নানা অভিযোগের ভিত্তিতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি অভিযোগের সত্যতা পাওয়ায় তাদরকে পরবর্তী সিন্ডিকেটে চার্জ গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, সাবেক উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল এক বছরের শিক্ষা ছুটি শেষে নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগ না দিয়ে বিদেশে অবস্থান করছেন। অন্যদিকে আইন বিভাগের শিক্ষক দম্পতি আজহার উদ্দিন ভূঁইয়া ও শাহরিমা তানজিন অর্নি ছুটির মেয়াদ শেষ হলেও দেশে ফেরেননি। এ ছাড়া অধ্যাপক মুশফিকুর রহমান কর্তৃপক্ষের কাছ থেকে স্বল্পমেয়াদী ছুটি নিয়ে বিদেশে গিয়ে নির্ধারিত সময়ে আর ফেরেননি বলে অভিযোগ রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রবিধান অনুযায়ী, ছুটি শেষে সময়মতো কর্মস্থলে যোগদান এবং বিদেশে অবস্থানের ক্ষেত্রে প্রশাসনিক অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। এসব নিয়ম অমান্য করলে চাকরি থেকে সাময়িক অথবা চূড়ান্ত বহিষ্কারের বিধান রয়েছে।