২৪ নভেম্বর ২০২৬, ১৪:৩৪

সমাবর্তনের নিবন্ধন ফি কমানোর দাবিতে তিন ঘণ্টা অবস্থান, ভিসির আশ্বাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তনের নিবন্ধন ফি কমানো দাবিতে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ।  © টিডিসি ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তনের নিবন্ধন ফি কমানো, খাবারের মান উন্নয়ন ও শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী আয়োজনের দাবিতে তিন ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। পরে উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে দাবিগুলো তুলে ধরেন তাঁরা।

এ সময় সমাবর্তনের ব্যয় নির্বাহে রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা নেওয়া, নিবন্ধন ফি পুনর্নির্ধারণ এবং উপহার ও খাবারের মান উন্নয়নের বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে দুপুর দেড়টায় সেখানে সংবাদ সম্মেলন করে উপাচার্যের সঙ্গে আলোচনার বিষয়বস্তু ও নিজেদের দাবির কথা তুলে ধরেন তাঁরা।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থী দিদারুল ইসলাম বলেন, সমাবর্তনের নিবন্ধন ফি নির্ধারণের ক্ষেত্রে শিক্ষার্থীদের মতামত উপেক্ষা করা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আগে লিখিত আবেদন জমা দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট জবাব পাওয়া যায়নি। এ কারণে তাঁরা পুনরায় উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।

তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন একটি জাতীয় আয়োজন। রাষ্ট্রীয় পর্যায়, শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের সহযোগিতা নিয়ে সমাবর্তনের ব্যয় নির্বাহ করা হলে শিক্ষার্থীদের ওপর আর্থিক চাপ কমানো সম্ভব।”

এ বিষয়ে উপাচার্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি। তাঁদের কাছ থেকে সহযোগিতা পাওয়া গেলে সমাবর্তনের নিবন্ধন ফি আরও কমিয়ে আনার বিষয়টি বিবেচনা করা হবে বলেও উপাচার্য জানিয়েছেন।

শিক্ষার্থী সাদিক মুনিম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের পক্ষ থেকে বিকল্পভাবে সমাবর্তন আয়োজনের উদ্যোগ দেখা যাচ্ছে। প্রায় এক হাজার টাকা ব্যয়ে গাউন সংগ্রহ করে সুলতান’স ডাইন থেকে কাচ্চি অর্ডার দিয়ে নিজেদের উদ্যোগে আলাদা সমাবর্তনের আয়োজন করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এমন উদ্যোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য বিব্রতকর বলে মনে করেন তিনি।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে যোগাযোগ করলে সহযোগিতা পাওয়া যাবে বলে তাঁরা প্রত্যাশা করেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের কাছ থেকেও সমাবর্তন আয়োজনের জন্য সহযোগিতা নেওয়ার আহ্বান জানান তিনি।

সাদিক মুনিম আরও বলেন, সমাবর্তন উপলক্ষে উপহার প্রদান-সংক্রান্ত সভার বৈঠকেও শিক্ষার্থীদের দাবিগুলো তুলে ধরার কথা রয়েছে। এবারের সমাবর্তনে মানসম্মত ও স্মরণীয় উপহার রাখার দাবি জানালে উপাচার্য বিষয়টি বিবেচনায় রাখার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি খাবারের মান উন্নয়ন, গাউন এবং সমাবর্তনের নিবন্ধন ফি পুনর্নির্ধারণের বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান তিনি।