২৪ নভেম্বর ২০২৬, ০১:৩৬

আড়াই বছর পর বিভাগ থেকে চেয়ারম্যান পেল ঢাবির সাংবাদিকতা বিভাগ

চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিভাগের অধ্যাপক ড. এস এম শামীম রেজা  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিভাগের অধ্যাপক ড. এস এম শামীম রেজা। এর মধ্য দিয়ে দীর্ঘ প্রায় আড়াই বছর পর বিভাগটি নিজস্ব শিক্ষক থেকে চেয়ারম্যান পেল।

সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান আনুষ্ঠানিকভাবে অধ্যাপক ড. এস এম শামীম রেজার কাছে বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, বিগত পাঁচজন ডিন এটি করার সুযোগ পায়নি কিংবা সেরকম পরিস্থিতি তৈরি হয়নি। এটি ডিন অফিসের অন্যতম একটি সাফল্য যে বিভাগ থেকে চেয়ারম্যান পদায়ন করা সম্ভব হয়েছে। দায়িত্ব নেওয়ার চার মাসের মধ্যেই এ দায়িত্ব হস্তান্তর সফলভাবে সম্পন্ন হয়েছে যেটি বিগত প্রায় আড়াই বছর সম্ভব হয়নি। 

তিনি বলেন, উপাচার্যের নির্দেশনায় সম্পন্ন এ দায়িত্ব হস্তান্তর বিভাগের নেতৃত্বে স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের সুষ্ঠু পরিচালনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রশাসনিক নেতৃত্বে ধারাবাহিকতা ফিরবে বলে প্রত্যাশা করছি। একই সঙ্গে শিক্ষা, গবেষণা, বিভাগীয় পরিকল্পনা ও অন্যান্য প্রাতিষ্ঠানিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশাবাদী।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ জুন থেকে সামাজিক বিজ্ঞান অনুষদের পাঁচজন ডিন পর্যায়ক্রমে বিভাগটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘদিন ভারপ্রাপ্ত নেতৃত্বে পরিচালিত বিভাগের প্রশাসনিক কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখা এবং বিভাগীয় কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে উপাচার্যের নির্দেশনায় নতুন চেয়ারম্যানের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়।