২৩ নভেম্বর ২০২৬, ২৩:০০

ঢাবি ছাত্রদল কর্মীর নেতৃত্বে গভীর রাতে নারী সাংবাদিকসহ ছাত্র ইউনিয়ন নেতাকে মারধর

অনিন্দ্য বিশ্বাস ও মোরসালিনা অনিকা। ইনসেটে গোলাম মোক্তাদির ইরাম  © টিডিসি সম্পাদিত

পুরোনো বিরোধের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র ইউনিয়নের বিজ্ঞান শাখার আহ্বায়ক অনিন্দ্য বিশ্বাস ও ঢাকা পেপার্সের হেড অব প্রোডাকশন মোরসালিনা অনিকার ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রদল কর্মী গোলাম মোক্তাদির ইরামের নেতৃত্বে একদল যুবক রবিবার (২২ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ক্যাম্পাসের রমনা কালীমন্দির গেইটে এই হামলার ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন মারধরের শিকার অনিন্দ্য বিশ্বাস।

আজ সোমবার (২৩ নভেম্বর) তিনি বলেন, গতকাল রাত আনুমানিক দেড়টার দিকে রমনা কালীমন্দির গেট এলাকায় রিকশায় করে হলে ফেরার সময় তিন-চারটি মোটরসাইকেলে এসে কয়েকজন আমাদের রিকশা থামায়। এ সময় আমাকে রিকশা থেকে নামিয়ে কথা বলতে চায়। তারা অনিকা আপাকে আমাকে নামিয়ে দিয়ে চলে যেতে বললেও তিনি রাজি হননি। একপর্যায়ে আমাকে রিকশা থেকে নামানোর চেষ্টা করে এবং মারধর শুরু করে। পরে রিকশা থেকে নামতে বাধ্য হলে আবার মারধর করে। এ সময় অনিকা আপা আমাকে রক্ষা করতে গিয়ে নিজেও আঘাত পান, তার হাত ফুলে যায়। আমার নিজের হাতেও সামান্য আঘাত লাগে।

তিনি আরও বলেন, এর আগে ১২ নভেম্বর ইরামের গাড়ির সঙ্গে আমাদের রিকশার সংঘর্ষকে কেন্দ্র করে ইরামের সঙ্গে বিরোধের সূত্রপাত হয়। সেদিন জগন্নাথ হলের তিন বন্ধু রিকশায় করে হলে ফেরার পথে ইরামের গাড়ি আমাদের রিকশায় ধাক্কা দেয়, এতে আমার এক বন্ধু রাস্তায় পড়ে যান। এ ঘটনাকে কেন্দ্র করে তার সঙ্গে কথা বলতে গেলে তার হল ও রাজনৈতিক পরিচয় নিয়ে আচরণের কারণে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। পরে ওই রাতেই জগন্নাথ হলের জগন্নাথ হল সংসদের ভিপি পল্লব বর্মন উপস্থিতিতে উভয় পক্ষ আলোচনায় বসে। সেখানে আমরা নিজেদের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন এবং বিষয়টি মীমাংসা করে আর না বাড়ানোর সিদ্ধান্ত নেয়। আগের ঘটনার মীমাংসার পরও গতকালের হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।

অনিন্দ্য বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। অপরদিকে গোলাম মোক্তাদির ইরাম ক্রিমিনোলজি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও জিয়া শিশু কিশোর সংগঠনের কেন্দ্রীয় পরিষদের সদস্য।

শাখা ছাত্র ইউনিয়নের দাবি, ওই ঘটনায় অভিযোগ জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা। তবে ছাত্রদল কর্মী গোলাম মোক্তাদির ইরামের দাবি, এর আগে ১২ নভেম্বর অনিন্দ্য বিশ্বাসসহ তিনজনের হাতে মারধরের শিকার হন তিনি।

এক বিবৃতিতে ছাত্র ইউনিয়ন দাবি করে, সাম্প্রতিক সময়ে ছাত্রদল ক্যাম্পাসে ছিনতাই, চাঁদাবাজি ও মোরাল পুলিশিংসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাভাবিক শিক্ষাঙ্গনের পরিবেশকে হুমকির মুখে ফেলছে। অনিন্দ্য বিশ্বাস ও মোরসালিনা অনিকার ওপর হামলা সেই ধারাবাহিকতার অংশ। গত ১৯ আগস্ট রাজু ভাস্কর্যের সামনে ক্যাম্পাসের নারী শিক্ষার্থীদের উদ্দেশে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়ন নেতৃবৃন্দ ও ঢাবি শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের মিছিলে আসা সন্ত্রাসীরা হামলা চালায় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

ছাত্র ইউনিয়নের দাবি, ওই ঘটনায় অভিযোগ জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এবারের ঘটনাও বিচ্ছিন্ন নয়; বরং ভিন্নমত ও সাংস্কৃতিক চর্চা দমন এবং ক্যাম্পাসে ভয়ের পরিবেশ তৈরির সুপরিকল্পিত প্রচেষ্টা। সংগঠনটি হামলায় জড়িত সবাইকে অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্যাম্পাসে সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও মোরাল পুলিশিং বন্ধে প্রশাসনের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ দাবি করেছে।

ছাত্র ইউনিয়ন বিবৃতিতে এই হামলার বিরুদ্ধে সর্বস্তরের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছে। একই সঙ্গে আহত অনিন্দ্য বিশ্বাস ও মোরসালিনা অনিকার দ্রুত সুস্থতা কামনা করে সন্ত্রাস ও ভয়ের রাজনীতির বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

অন্যদিকে, হামলায় অভিযুক্ত ছাত্রদল কর্মী গোলাম মোক্তাদির ইরাম বলেন, গত ১২ নভেম্বর, বৃহস্পতিবার বিভাগের ক্রিকেট প্র্যাকটিস শেষ করে হলে ফেরার পথে শামসুন্নাহার হলের সামনে উল্টো দিক থেকে আসা একটি রিকশা তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি বাইকের নিচে পড়ে যান। রিকশায় থাকা তিনজন কোনো প্রকার কথাবার্তা ছাড়াই নিচে নেমে তাকে এলোপাতাড়ি মারধর শুরু করেন এবং তার বাইকে লাথি দেন। 

‘‘এ সময় তিনি এই ক্যাম্পাসের শিক্ষার্থী জানালেও তারা তাকে গালিগালাজ করতে থাকেন এবং ঘুষি-লাথি মারেন। বিশেষ করে অনিন্দ্য বিশ্বাস তার গলা চেপে ধরে ‘শুয়োরের বাচ্চা, কয়দিন ধরে এসেছিস ক্যাম্পাসে’ বলে চিৎকার করেন এবং তার মা-বাবাকে নিয়েও বিশ্রী ভাষায় গালাগালি করেন বলে অভিযোগ করেন ইরাম। তিনি দাবি করেন, হামলাকারীরা মধ্যপ অবস্থায় ছিলেন, যা পরবর্তীতে তারাও স্বীকার করেন।’’

ইরাম আরও বলেন, হামলাকারীরা মার্ক ও অনিন্দ্য বিশ্বাস তারা দুজনই ১৭-১৮ সেশনের শিক্ষার্থী। ঘটনার পর সিনিয়ররা একসঙ্গে বসে সমাধানের কথা বললে, আঘাতের শিকার হওয়ার পরও তিনি প্রতিক্রিয়া না দেখিয়ে আলোচনায় বসার চেষ্টা করেন। কিন্তু ওই আলোচনায় অনিন্দ্য বিশ্বাস ও তার সঙ্গে থাকা কেউই ভুল স্বীকার করে অনুতপ্ত হননি বলে অভিযোগ করেন ইরাম। একই সঙ্গে ছাত্র ইউনিয়নও তাদের বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা নেয়নি বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, গতকাল রাত আনুমানিক ১২টার দিকে তিনি ও তার কয়েকজন বন্ধু পুরান ঢাকা থেকে খাবার খেয়ে ফেরার পথে অনিন্দ্য বিশ্বাসকে দেখতে পান। তার দাবি, অনিন্দ্য তখনও নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। তার বন্ধুরা আগের ঘটনার বিষয়ে অনিন্দ্যকে জিজ্ঞেস করলে তিনি আবারও গালিগালাজ শুরু করেন। এ সময় তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে অনিন্দ্য মোবাইল ফোনে আরও ৫-৭ জনকে ঘটনাস্থলে ডেকে আনেন বলে অভিযোগ করেন ইরাম। পরিস্থিতি এড়াতে তারা তাৎক্ষণিকভাবে স্থান ত্যাগ করে চলে যান বলেও জানান তিনি।

এ বিষয়ে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।

উদীচীর বিবৃতি
আজ উদীচীর একাংশের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন এ বিষয়ে যৌথ বিবৃতি দেন। বিবৃতিতে বলা হয়, মোরসালিনা অনিকা উদীচী ঢাকা মহানগর সংসদের সম্পাদকমণ্ডলীর সদস্য ও ‘ঢাকা পেপার্স’-এর হেড অব প্রোডাকশন। আর অনিন্দ্য বিশ্বাস বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের বিজ্ঞান অনুষদ শাখার আহ্বায়ক।

গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শী সূত্রে পাওয়া তথ্যের বরাতে বিবৃতিতে অভিযোগ করা হয়, রমনা কালীমন্দির গেট এলাকায় ছাত্রদল নামধারী ১২ থেকে ১৩ জন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের মধ্যে মুজিব হল ছাত্রদলের কর্মী গোলাম মুকতাদির ইরামসহ তাঁর সহযোগীরা উপস্থিত ছিলেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে উদীচীর নেতারা বলেন, সংস্কৃতিকর্মী, গণমাধ্যমকর্মী ও ছাত্রনেতার ওপর এ বর্বরোচিত আক্রমণ মুক্তচিন্তা, স্বাধীন সাংবাদিকতা ও প্রগতিশীল সাংস্কৃতিক চর্চার ওপর সরাসরি আঘাত। সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে ছিনতাই, চাঁদাবাজি ও তথাকথিত ‘মোরাল পুলিশিং’-এর নামে সাধারণ নাগরিক, নারী ও সংস্কৃতিকর্মীদের ওপর চড়াও হওয়ার যে প্রবণতা দেখা যাচ্ছে, এ হামলা তারই ধারাবাহিকতা।

বিবৃতিতে আরও বলা হয়, এর আগেও ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় নারী শিক্ষার্থীদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ করায় প্রগতিশীল কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং সমাজে ভয়ের পরিবেশ তৈরি এবং ভিন্নমত ও সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডলকে দমিয়ে রাখার সুপরিকল্পিত অপচেষ্টা।

আহত দুজনের দ্রুত সুস্থতা কামনা করে উদীচীর বিবৃতিতে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাস ও ‘মোরাল পুলিশিং’-এর নামে অপতৎপরতা বন্ধে প্রশাসনকে কঠোর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে সন্ত্রাস ও ভয়ের রাজনীতির বিরুদ্ধে দেশের সর্বস্তরের সংস্কৃতিকর্মী ও সচেতন নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সিপিবির নিন্দা
একই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটি। আজ এক বিবৃতিতে কমিটির সভাপতি সাইফুল ইসলাম সমীর ও সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন বলেন, গণমাধ্যমকর্মী, সংস্কৃতিকর্মী ও ছাত্রনেতাদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে সিপিবি নেতারা বলেন, ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা হামলাকারীদের ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের কর্মী হিসেবে চিহ্নিত করেছেন। প্রশাসনের নিষ্ক্রিয়তা ও বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে মন্তব্য করে তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।