জাবিতে জুনিয়র-সিনিয়র সংঘর্ষ, তদন্তে ৪ সদস্যের কমিটি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মুক্তমঞ্চে কনসার্ট চলাকালে জুনিয়র-সিনিয়র শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ২০ নভেম্বর দিবাগত রাতে ৫২তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে ৫৩তম ব্যাচের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের কয়েকজন শিক্ষার্থীর এ সংঘর্ষে নারী শিক্ষার্থীসহ কয়েকজন আহত হন। ঘটনার কারণ অনুসন্ধান এবং দায়ীদের বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশসহ প্রতিবেদন দিতে কমিটিকে ১৫ কর্মদিবস সময় দিয়েছে প্রশাসন।
সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।
কমিটির আহ্বায়ক করা হয়েছে প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামানকে। সদস্য হিসেবে রয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নাসরীন সুলতানা এবং দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুছ ছাত্তার। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের ডেপুটি রেজিস্ট্রার মো. সোহেল রানা।
অফিস আদেশে বলা হয়, গত ২০ নভেম্বর দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ৪৯তম ব্যাচ আয়োজিত কনসার্টে ৫২তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে ৫৩তম ব্যাচের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এতে নারী শিক্ষার্থীসহ কয়েকজন আহত হন।
এ ঘটনাকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৫(ঘ) ধারার লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে প্রশাসন। অফিস আদেশে বলা হয়েছে, এ ধরনের ঘটনা শৃঙ্খলাপরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ।
ঘটনার বিচার চেয়ে উভয় পক্ষ পৃথক দুটি আবেদন জমা দিয়েছে। এসব আবেদন এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঘটনার তদন্ত ও সুনির্দিষ্ট সুপারিশসহ প্রতিবেদন দিতে কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।