সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে ডাকসুর মশাল মিছিল
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা এবং জুলাই বিপ্লবী ও তাঁদের পরিবারের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে ডাকসু। মিছিল থেকে এসব ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে সমালোচনা করেছেন ডাকসুর নেতারা।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ডাকসু ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের মল চত্বর ও ভিসি চত্বর প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীদের ‘কিসের আবার ডিসেম্বর, লীগ ধরে জেলে ভর’, ‘আপা, আপা করিস না, তোদের আপা আসবে না’, ‘ভিপির বাড়ি আগুন কেন? সালাউদ্দিন জবাব দে’ এবং ‘এই সালাউদ্দিনের গভীর ঘুম, লীগ করে মানুষ খুন’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
সমাবেশে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ভারতকে ক্যান্টনমেন্ট বানিয়ে বাংলাদেশকে অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিতে চাচ্ছে। যত ককটেল ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, প্রতিটি সীমান্ত পেরিয়ে ভারত থেকে এসেছে বলে দাবি করেন তিনি। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ভারতীয় হাইকমিশনারকে তলব করে এসব ঘটনার জবাব চাইতে হবে এবং শেখ হাসিনাকে ফেরত আনতে হবে।
ডাকসুর ভিপি সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল ঢেলে তাঁর পরিবারকে পুড়িয়ে হত্যার পরিকল্পনা করা হয়েছিল উল্লেখ করে মুসাদ্দিক বলেন, সরকার আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে এখন পর্যন্ত তাদের দমনে কোনো পদক্ষেপ নেয়নি। এটি প্রমাণ করে, পেছনের দরজা দিয়ে তাদের সঙ্গে সরকারের যোগসাজশ রয়েছে। এ ধরনের সমঝোতা থেকে বেরিয়ে এসে সরাসরি তাদের মোকাবিলা করতে হবে।
সমাবেশে ডাকসুর সহসাধারণ সম্পাদক (এজিএস) ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মহিউদ্দিন খান বলেন, আওয়ামী লীগ তাদের নাশকতা ও দুর্বৃত্তায়নের রাজনীতি থেকে বের হতে পারবে না। তবে প্রশ্ন হচ্ছে, দেশে কোনো সরকার আছে কি না, নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অকার্যকর হয়ে পড়েছে। গত কয়েক দিন ধরে সারা দেশে যে সন্ত্রাস ও নৈরাজ্য চলছে, সেসব ঘটনায় সরকার কী পদক্ষেপ নিয়েছে, তা জানতে চান তিনি।
বর্তমান সরকারের সমালোচনা করে মহিউদ্দিন খান বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত না করে সরকার প্রতিদিন সংবিধান শেখাচ্ছে। নির্বাচন দিলেই সবকিছু ঠিক হয়ে যাবে—এমন ধারণা থেকে নিরাপত্তা দিতে ব্যর্থ হলে এর পরিণতি ভয়াবহ হবে।
তিনি আরও অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ককটেল সরবরাহ করা হচ্ছে এবং গোপালগঞ্জে ছাত্রদলের নেতারা বাস থামিয়ে যাত্রীদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য করছেন। অথচ ঢাবি ক্যাম্পাসে রাতের বেলা মোটরসাইকেলে ঘুরে তাঁরা ছাত্রলীগ ঠেকানোর কথা বলছেন।
ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের জন্য একটি ক্যান্সার। নির্বাচনের সময় সরকার গঠনের জন্য বিএনপি যেভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিল, সেই আওয়ামী লীগই এখন দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তারা ব্যাংক ও থানায় হামলা চালিয়েছে, সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে এবং মোসাদ্দিকের বাড়িতে আগুন দিয়েছে। এমনকি বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের বাড়িতেও অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ করেন তিনি। এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন আসিফ।
অবিলম্বে আওয়ামী লীগের নৈরাজ্যকারীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি। অন্যথায় বিএনপি ক্ষমতা ধরে রাখার জায়গা পাবে না এবং সারা দেশের ছাত্রসমাজ তাদের প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
প্রসঙ্গত, রোববার রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়িতে ডাকসুর ভিপি সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ ওঠে। ঘটনার সময় বাড়িতে ঘুমিয়ে ছিলেন সাদিক কায়েমের বাবা-মা। বিকট শব্দ শুনে তাঁরা ঘর থেকে বের হয়ে দেয়ালের পাশে আগুন জ্বলতে দেখেন। পরে প্রতিবেশীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।