২২ নভেম্বর ২০২৬, ২১:০৭

কিছু বুঝে ওঠার আগেই ঢাবি কর্মচারীর মাথায় ককটেল

ককটেল বিস্ফোরণে আহতকে হাসপাতালে নেয়া হচ্ছে ও ঢাবি লোগো  © টিডিসি সম্পাদিত

রাজধানীর লক্ষ্মীবাজার কবি নজরুল সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জাহাঙ্গীর আলম (৪৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক কর্মচারী গুরুতর আহত হয়েছেন।

রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ঢাবির ওই কর্মচারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

আলমগীর হোসেন আরও জানান, বিকেলে কাজ শেষ করে কবি নজরুল সরকারি কলেজের প্রধান ফটকের সামনে দারোয়ানের সঙ্গে কথা বলছিলেন জাহাঙ্গীর। ওই সময় হঠাৎ উপর দিক থেকে একটি ককটেল এসে তার মাথার ওপর পড়ে বিস্ফোরিত হয়। এতে মাথা ও চোখে গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি। তবে ককটেলটি কে বা কারা এবং কোথা থেকে নিক্ষেপ করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, ওই কর্মচারীর মাথা ও বাম চোখে আঘাত লেগেছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

আহত জাহাঙ্গীরের বড় ভাই আলমগীর হোসেন জানান, তার ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মালির কাজ করেন। পাশাপাশি কবি নজরুল কলেজেও খণ্ডকালীন (পার্ট-টাইম) মালির কাজ করেন। তাদের বাসা রাজধানীর লালবাগের আজিমপুর সমাজকল্যাণ গলি এলাকায়।