শীর্ষ জার্নালে অ্যাক্সেস নেই ঢাবির, গবেষণার প্রবন্ধ পেতে ধরনা দিতে হয় বিদেশি সহকর্মীদের কাছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) এখনো বিশ্বের শীর্ষ গবেষণা জার্নালগুলোর অ্যাক্সেস নেই। প্রয়োজনীয় গবেষণা প্রবন্ধ পেতে বিদেশে কর্মরত সহকর্মীদের দ্বারস্থ হতে হয় বিশ্ববিদ্যালয়ের গবেষকদের। গবেষণার সীমাবদ্ধতা, অপ্রতুল বরাদ্দ ও নতুন জ্ঞান তৈরির প্রতিবন্ধকতার চিত্র তুলে ধরে এ কথা বলেছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, গবেষণার জন্য প্রয়োজনীয় জার্নাল অ্যাক্সেস না থাকলে নতুন জ্ঞান তৈরি ও শিল্পপ্রতিষ্ঠানের উপযোগী গবেষণা করা সম্ভব নয়।
রবিবার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানগুলোর সহযোগিতা জোরদারের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশান যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশের শিক্ষার বিভিন্ন স্তরের সঙ্গে বেকারত্বের একটি সম্পর্ক রয়েছে। শিক্ষার মান ও স্তর যত বাড়ছে, বেকারত্বের পরিমাণও বাড়ছে। টারশিয়ারি এডুকেশনে বেকারত্বের হার প্রায় ১৪ শতাংশ। তবে আন্ডারএমপ্লয়মেন্টকে হিসাবের মধ্যে আনলে এটি প্রায় ৫০ শতাংশের কাছাকাছি দাঁড়াবে বলে তাঁর ধারণা।
এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য না থাকলেও পরিস্থিতি এমন হতে পারে বলে মনে করেন তিনি। এ অবস্থায় ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশনের কোনো বিকল্প নেই। বেকারত্বের পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে এ ধরনের সহযোগিতা জরুরি বলে মত তার।
তিনি বলেন, কিছুদিন আগে চীনে একটি প্রোগ্রামে গিয়ে বিশ্বের অন্যতম শীর্ষ সোলার প্যানেল উৎপাদনকারী প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ হয়েছিল। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন, তাদের নিজস্ব গবেষণাকেন্দ্র রয়েছে এবং পাশাপাশি ১২টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গবেষণা প্রকল্প পরিচালনা করছে।
তিনি আরও বলেন, শুধু ওই প্রতিষ্ঠান নয়, চীনের বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। বাংলাদেশে এখনো এ ধরনের উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি। হয়তো বিশ্ববিদ্যালয়গুলো উদ্যোগ নিতে পারেনি, আবার শিল্পপ্রতিষ্ঠানগুলোর কাছ থেকেও সেভাবে উদ্যোগ পাওয়া যায়নি।
ঢাবি কোষাধ্যক্ষ বলেন, ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠান উভয়ের জন্যই উইন-উইন পরিস্থিতি তৈরি করতে পারে। শ্রেণিকক্ষে দেওয়া জ্ঞান এবং গবেষণাগারে তৈরি জ্ঞানের প্রয়োগের ক্ষেত্র হলো শিল্পপ্রতিষ্ঠান। এ জ্ঞান প্রয়োগের মাধ্যমে এর ব্যবহারযোগ্যতা, প্রায়োগিক দিক ও সুফল যাচাই করা সম্ভব।
‘রাষ্ট্রের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায়ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা প্রয়োজন। কৃষি উৎপাদন বাড়ানো, জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলা ও সৌরশক্তির উৎপাদন বৃদ্ধির মতো ক্ষেত্রগুলোতে এ সহযোগিতা সুফল দিতে পারে’, যোগ করেন তিনি।
অধ্যাপক এম জাহাঙ্গীর আলম বলেন, ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশনের সুফল পেতে বিশ্ববিদ্যালয়ের নতুন জ্ঞান তৈরি ও গবেষণার সক্ষমতা থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের গ্লোবাল ইনোভেশন ইনডেক্সে ১৩৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৫তম। এ সূচকে ভারতের অবস্থান ৩৮তম, শ্রীলঙ্কার ৯৪তম এবং পাকিস্তানের ৯৫তম।
তিনি বলেন, ইনপুট ও আউটপুট বিবেচনায় গ্লোবাল ইনোভেশন ইনডেক্সে ভারতের ইনপুট অবস্থান ৪৯তম এবং আউটপুট ২৫তম। শ্রীলঙ্কার ইনপুট ১০২তম ও আউটপুট ৮৭তম, পাকিস্তানের ইনপুট ১২১তম ও আউটপুট ৭২তম এবং বাংলাদেশের ইনপুট ১১৫তম ও আউটপুট ৯২তম। এ চিত্র থেকে বোঝা যায়, বাংলাদেশ তুলনামূলক কম ইনপুট দিয়ে ভালো আউটপুট তৈরি করতে পারছে। তবে এ ক্ষেত্রে পাকিস্তান এগিয়ে রয়েছে।
তিনি আরও বলেন, গ্লোবাল ইনোভেশন ইনডেক্সের দ্বিতীয় পিলার হিউম্যান ক্যাপিটাল অ্যান্ড রিসার্চে বাংলাদেশের অবস্থান ১২৭তম। ভারতের ৫৪তম, পাকিস্তানের ১১৯তম এবং শ্রীলঙ্কার ১১৭তম। টারশিয়ারি এডুকেশনে বাংলাদেশের অবস্থান ১২৩তম, ভারতের ৮৮তম ও শ্রীলঙ্কার ৯৪তম। পাকিস্তানের অবস্থান ১২৭তম হলেও তা অনুমাননির্ভর র্যাঙ্কিং।
স্টেম সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং ও ম্যাথমেটিকসে বাংলাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণও কম উল্লেখ করে অধ্যাপক এম জাহাঙ্গীর আলম বলেন, দেশে টারশিয়ারি শিক্ষার মোট শিক্ষার্থীর মাত্র ১১ শতাংশ স্টেমে পড়াশোনা করে। ভারতে এ হার ২৭ শতাংশ এবং শ্রীলঙ্কায় ২৫ শতাংশ। পাকিস্তানের তথ্য পাওয়া যায়নি।
বিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহ কম হওয়ার কারণ হিসেবে তিনি বলেন, শিক্ষার্থীরা জানে, বিজ্ঞান শিক্ষার মাধ্যমে যে কর্মসংস্থান প্রয়োজন, দেশে সেই কর্মসংস্থান নেই। এ কারণে তারা স্টেম এডুকেশনে যেতে চায় না।
তিনি আরও বলেন, নলেজ ক্রিয়েশনে বাংলাদেশের অবস্থান ১২৬তম, ভারতের ৩৯তম, শ্রীলঙ্কার ৯৯তম এবং পাকিস্তানের অনুমাননির্ভর অবস্থান ৫৫তম। এসব তথ্য বলছে, দেশে গবেষণা ও উদ্ভাবনের পরিবেশ এখনো উপযোগী নয়। শিক্ষার্থীদের কর্মসংস্থান এবং নতুন জ্ঞান ও গবেষণার জন্য প্রয়োজনীয় পরিবেশের ঘাটতি রয়েছে।
গবেষণায় পর্যাপ্ত বরাদ্দ না থাকাকে এর অন্যতম কারণ উল্লেখ করে কোষাধ্যক্ষ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান অর্থবছরের মোট বাজেটের মাত্র ২ শতাংশ গবেষণার জন্য বরাদ্দ। এ পরিমাণ অর্থ দিয়ে বিশ্ববিদ্যালয়ে গবেষণার পরিবেশ কিংবা নতুন জ্ঞান তৈরির ইকোসিস্টেম গড়ে তোলা সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়ের দেশের জ্ঞান তৈরির হাব ও নেতৃত্ব দেওয়ার কথা থাকলেও এ বরাদ্দ দিয়ে তা সম্ভব হচ্ছে না। তারপরও ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা ও উদ্ভাবনে দেশের মধ্যে এখনো এক নম্বরে রয়েছে।
তিনি বলেন, ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন কার্যকর করতে বিশ্ববিদ্যালয়ে মুক্তচিন্তা ও মুক্তবুদ্ধির পরিবেশ থাকতে হবে। এ ধরনের পরিবেশ না থাকলে কোনো প্রতিষ্ঠান থেকে নতুন জ্ঞান তৈরি হতে পারে না এবং কার্যকর ও ব্যবহারযোগ্য জ্ঞান তৈরির ক্ষেত্রও থাকে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো টেকনোলজি ট্রান্সফার অফিস চালু করা সম্ভব হয়নি।
যদিও এ বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে এবং অচিরেই অফিসটি চালু করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ে এ ধরনের অফিস গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়ে আসার পরামর্শ দিয়ে তিনি বলেন, শুধু কারিকুলাম তৈরি করে শিল্পপ্রতিষ্ঠানের কাছ থেকে মতামত নিলেই হবে না। তাদের অংশগ্রহণমূলকভাবে কারিকুলাম তৈরির প্রক্রিয়ায় যুক্ত করতে হবে। শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বসে কারিকুলাম ঠিক করতে হবে এবং কোন বিষয়ে কী পড়ালে ও কীভাবে পড়ালে শিক্ষার্থীদের কর্মসংস্থান তৈরি হবে, তা জানতে হবে।
তিনি আরও বলেন, উৎপাদন বাড়াতে গবেষণা প্রয়োজন। নতুন জ্ঞান তৈরি করতে না পারলে এবং সেই জ্ঞানের প্রয়োগ না হলে ম্যানুফ্যাকচারিং সেক্টরের কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে না।
ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন কার্যকর করতে শিল্পপ্রতিষ্ঠানগুলোকে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতার আর্থিক সুফল বোঝানোর ওপর গুরুত্ব দেন তিনি। তার মতে, শিল্পপ্রতিষ্ঠানগুলোর কাছ থেকে গবেষণার অর্থায়ন পাওয়া কঠিন। এ ক্ষেত্রে সরকার গবেষণা ও উন্নয়নের (আরঅ্যান্ডডি) জন্য শিল্পপ্রতিষ্ঠানগুলোকে ট্যাক্স ক্রেডিট দিলে এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতায় গবেষণা তহবিলের ব্যবস্থা করলে তারা গবেষণায় অর্থায়নে উৎসাহিত হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশে গবেষণার মাধ্যমে তৈরি নতুন জ্ঞানের মেধাস্বত্ব সুরক্ষার কার্যকর কাঠামো এখনো তৈরি হয়নি। বিশ্ববিদ্যালয় কিংবা শিল্পপ্রতিষ্ঠানের অর্থায়নে গবেষণা হলে সেখান থেকে তৈরি জ্ঞানের অধিকার কার হবে এবং কতটুকু সুরক্ষিত হবে, তা নিয়ে নিশ্চিত কাঠামো নেই। এ কাঠামো পূর্ণাঙ্গভাবে তৈরি না হলে শিল্পপ্রতিষ্ঠানগুলো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা করতে কিংবা গবেষণায় অর্থ ব্যয় করতে আগ্রহী হবে না।
বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টিদের জন্য সাপোর্ট সিস্টেম তৈরির ওপর গুরুত্ব দিয়ে কোষাধ্যক্ষ বলেন, গবেষকদের নিয়মিত প্রশিক্ষণ দিতে হবে এবং বিদেশি বিভিন্ন কনফারেন্স ও নতুন জ্ঞানের উৎসগুলোতে প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখনো বিশ্বের শীর্ষ জার্নালগুলোতে অ্যাক্সেস নেই। গতকালও একটি বিষয়ে গবেষণা করতে গিয়ে প্রয়োজনীয় আর্টিকেল পেতে বিদেশে কর্মরত তিনজন সহকর্মীর সঙ্গে যোগাযোগ করতে হয়েছে তাকে।
তাদের একজন আর্টিকেলটি ডাউনলোড করে পাঠানোর পর সেটি দেখতে পেরেছেন জানিয়ে তিনি বলেন, যে বিশ্ববিদ্যালয়ের জার্নালের অ্যাক্সেস ও নতুন জ্ঞানের অ্যাক্সেস থাকবে না, সেই বিশ্ববিদ্যালয়ের পক্ষে নতুন জ্ঞান এবং শিল্পের উপযোগী জ্ঞান তৈরি করা সম্ভব হবে না। গবেষক ও শিক্ষকদের প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় বাজেট ও বরাদ্দ থাকতে হবে বলেও শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সংযোগ তৈরিতে একটি মধ্যবর্তী সাপোর্ট সিস্টেম বা ইন্টারমিডিয়ারি নেটওয়ার্ক গড়ে তুলতে হবে। এনজিও ও বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় এবং শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সংযোগ তৈরিতে সহায়তা করতে পারে। তারা শিল্পপ্রতিষ্ঠানকে জানাবে, কোন বিশ্ববিদ্যালয়ে গেলে তাদের সমস্যার সমাধান পাওয়া যাবে, কোথায় গবেষণাগার রয়েছে কিংবা কোন গবেষক এ কাজ করতে পারবেন। এ সংযোগ তৈরিতে মাঝখানে একটি লেয়ার তৈরি করতে হবে।
ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশনে সরকার, বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠান এই তিন পক্ষের সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এ তিন পক্ষের সমন্বয়ে কার্যকর সহযোগিতা তৈরি হলে বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে শিল্পের প্রয়োজনীয় জ্ঞান তৈরি, শিল্পকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া এবং গবেষণার উপযোগী কাঠামো গড়ে তোলা সম্ভব হবে। এ মডেলকে ট্রিপল হেলিক্স মডেল অব ইনোভেশন বলা হয়।
ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানগুলোর কার্যকর সহযোগিতা গড়ে উঠবে এবং শিল্পের প্রয়োজনীয় জ্ঞান তৈরি ও শিল্পপ্রতিষ্ঠানকে সহায়তা দেওয়ার গবেষণা কাঠামো গড়ে উঠবে বলে আশা প্রকাশ করে বক্তব্য শেষ করেন অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় & ইন্ডাস্ট্রি কোলাবোরেশান -এর সভাপতি ও আইবিএর অধ্যাপক ড. মো. মহিউদ্দিন।
এছাড়া দেশের শতাধিক শিল্পপ্রতিষ্ঠানের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধি, অফিসপ্রধান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি ও চেয়ারম্যানগণ সেমিনারে অংশগ্রহণ করেন।