জাতিসংঘের অর্থায়নে জার্মানিতে ‘ইউএন ইয়ুথ টাউনহল’-এ যাচ্ছেন ঢাবির মেহেদী
জাতিসংঘের পূর্ণ অর্থায়নে জার্মানিতে অনুষ্ঠিতব্য প্রথম ‘ইউএন ইয়ুথ টাউনহল’ সম্মেলনে অংশ নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মো. মেহেদী ইসলাম মাহফুজ। আগামী ৮ থেকে ১০ ডিসেম্বর জার্মানির হাইডেলবার্গ শহরে এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
মেহেদী ইসলাম মাহফুজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ২০২১-২২ শিক্ষাবর্ষের আবাসিক শিক্ষার্থী। এ সম্মেলনে বাংলাদেশ থেকে মোট দুজন প্রতিনিধি অংশ নিচ্ছেন। মেহেদী ছাড়া অপর প্রতিনিধি হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী।
ইউনাইটেড নেশনস ইয়ুথ অফিসের প্রধান ও যুব বিষয়ক সহকারী মহাসচিব ড. ফেলিপ পলিয়ার স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক আমন্ত্রণপত্রে মেহেদীর অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। জাতিসংঘ (ইউনাইটেড নেশনস ইয়ুথ অফিস), জার্মান সরকার এবং হাইডেলবার্গ সিটি কর্তৃপক্ষ যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে।
অনুভূতি প্রকাশ করে মেহেদী ইসলাম মাহফুজ বলেন, জাতিসংঘের প্রথম ‘ইউএন ইয়ুথ টাউনহল’-এর মতো বৈশ্বিক মঞ্চে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের ও সম্মানের। এই সম্মেলনে বাংলাদেশের তরুণদের ভাবনা ও সম্ভাবনা তুলে ধরে সেই অভিজ্ঞতা দেশের কল্যাণে কাজে লাগানোই আমার মূল লক্ষ্য।
উল্লেখ্য, বিশ্বজুড়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ও বৈশ্বিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে প্রথমবারের মতো এ টাউনহল আয়োজিত হচ্ছে। এতে তরুণ প্রতিনিধি, বিভিন্ন দেশের সরকার, জাতিসংঘ, নাগরিক সমাজ এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা এক মঞ্চে মিলিত হবেন।