১৯ নভেম্বর ২০২৬, ২১:৩৭

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঢাবিতে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৫ শতাধিক শিক্ষার্থী

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঢাবিতে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৫ শতাধিক শিক্ষার্থী  © টিডিসি সম্পাদিত

আগামীকাল (২০ নভেম্বর) প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্পের আয়োজন করেছেন কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক ও ‘কমল মেডিএইড, ঢাবি’র প্রতিষ্ঠাতা শেখ তানভীর বারী হামিম। তার উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে ৫২৫ শিক্ষার্থী চিকিৎসাসেবা নিয়েছেন। এতে বিভিন্ন বিভাগের চিকিৎসাসেবার পাশাপাশি ডায়াবেটিস, রক্তের গ্রুপ ও রক্তচাপ পরীক্ষার সুযোগ পান শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের বটতলায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের জন্য আয়োজিত এ ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শেখ তানভীর বারী হামিম।

ক্যাম্পে চর্মরোগ, অর্থোপেডিকস, মেডিসিন, চক্ষু, ফিজিওথেরাপি, ডেন্টিস্ট্রি, নাক-কান-গলা, গাইনি ও নিউরো মেডিসিন বিষয়ে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তচাপ পরিমাপের ব্যবস্থা রাখা হয়।

চিকিৎসা নিতে আসা বিশ্ববিদ্যালয়ের মহিউদ্দিন খান বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে মায়োপিয়া বা ক্ষীণদৃষ্টিজনিত সমস্যায় ভুগছি। প্রায় তিন বছর ধরে এ সমস্যা রয়েছে। আজ হামিম ভাইয়ের ব্যবস্থাপনায় আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে চোখের চিকিৎসা নিয়েছি। চিকিৎসক আলো ও কর্নিয়ার বিভিন্ন বিষয় নিয়ে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন, যা আমার জন্য বেশ উপকারী হয়েছে। সাধারণত চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে যাওয়া হয়ে ওঠে না। তবে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং নিকটে হওয়ার সুবিধার্থে আজ সহজেই চোখের সমস্যাটি দেখাতে পেরেছি।’

আয়োজক ও ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম বলেন, ‘আমার উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আজকের ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে মোট ৫২৫ জন শিক্ষার্থী নিবন্ধন করেছেন এবং চিকিৎসাসেবা নিয়েছেন। তবে বৃষ্টির কারণে এবার শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম ছিল। গত বছর আয়োজিত মেডিকেল ক্যাম্পে প্রায় ১ হাজার ৮৭৫ জন শিক্ষার্থী চিকিৎসাসেবা নিয়েছিলেন।’

তিনি বলেন, ‘২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর থেকে ধারাবাহিকভাবে এ ধরনের মেডিকেল ক্যাম্পের আয়োজন করে আসছি। ভবিষ্যতেও ইনশাআল্লাহ এ কার্যক্রম চলমান থাকবে। পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে আরও উদ্যোগ নেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীরা যেন বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন, সেই লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ।’