১৮ নভেম্বর ২০২৬, ২১:৪৯

আমাকে বের করে দিতে বললেন অথচ আমার সিভি ১৯ পাতা, ভিসির ৭: ঢাবির সাবেক শিক্ষক 

অভিযোগকারী ফার্সী ভাষা ও সাহিত্য বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান ড. আবু মূসা মো. আরিফ বিল্লাহ এবং উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম  © সংগৃহীত

‘আমার সিভি ১৯ পৃষ্ঠার, আর বর্তমান উপাচার্যের সিভি সাত পৃষ্ঠার। অথচ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও কর্মকর্তার সামনেই তিনি আমাকে রুম থেকে বের করে দিতে বলেন।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়ের ফার্সী ভাষা ও সাহিত্য বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান ড. আবু মূসা মো. আরিফ বিল্লাহ।

বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয়করণ, ফ্যাসিবাদী ও স্বেচ্ছাচারী কর্মকাণ্ডের প্রতিবাদ এবং নিজের ও ফার্সী ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহসানুল হাদীর প্রতি অবিচারের অভিযোগ তুলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরিফ বিল্লাহ বলেন, ১৯৯৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সী ও উর্দু বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন তিনি। পরে ২০০৯ সালে লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ (SOAS) থেকে পিএইচডি অর্জন করেন। তবে বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকেই বিভিন্ন ষড়যন্ত্র ও বৈষম্যের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন উপাচার্যদের অমানবিক নির্যাতন ও বৈষম্যের শিকার হয়ে শেষ পর্যন্ত আত্মরক্ষার জন্য স্বেচ্ছায় অবসরে যেতে বাধ্য হন বলেও দাবি করেন এই শিক্ষক।

তিনি বলেন, ‘২৪-এর অভ্যুত্থান-পরবর্তী সময়ে ন্যায়বিচার পাওয়ার আশা ছিল। কিন্তু সে আশায় গুড়ে বালি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে(ঢাবি) স্বেচ্ছাচারী ও বৈষম্যমূলক কর্মকাণ্ড এবং দুর্নীতি পূর্ণ আচরণ ক্রমেই বেড়ে চলেছে। ন্যায়বিচার ও ইনসাফের পরিবর্তে আজ পদে পদে লাঞ্ছনা ও বঞ্চনার শিকার হচ্ছি। অনেক ক্ষেত্রেই দলীয়করণ, ব্যক্তিগত চাওয়া-পাওয়া ও খেয়ালখুশিমতো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আইনের শাসন যথাযথভাবে প্রয়োগ হচ্ছে না।’

নিজের শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার বিবরণ দিয়ে অধ্যাপক আরিফ বিল্লাহ বলেন, বর্তমান উপাচার্যের সিভি সাত পৃষ্ঠার হলেও তার নিজের সিভি ১৯ পৃষ্ঠার। তিনি ইরান, দক্ষিণ কোরিয়া ও চীনে মিলিয়ে প্রায় তিন বছর ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া SOAS, MLC, কিংস কলেজ লন্ডন বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা ও গবেষণার অভিজ্ঞতা রয়েছে তার। ছয়টি দেশে তার বই ও গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। কিন্তু এসব অভিজ্ঞতা ও যোগ্যতার কোনো মূল্যায়ন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নেই বলে অভিযোগ করেন তিনি।

ফার্সী ভাষা ও সাহিত্য বিভাগের পুনর্জাগরণে নিজের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বলতে গেলে আমি ব্যক্তিগতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সী বিভাগের পুনর্জীবন দানকারী। একসময় ম্যাট্রিক ও ইন্টারমিডিয়েটে ফার্সী বিষয় পরীক্ষা না দিলে ফার্সী বিভাগে সম্মান শ্রেণিতে ভর্তি হওয়া যেত না। এই কারণে ৪৪ বছর ফার্সী বিভাগে কেউ ভর্তি হতে পারেনি।’

তিনি বলেন, ‘আমি সৌভাগ্যক্রমে ১৯৮২ সালে ইরানে বৃত্তি নিয়ে পড়াশোনার সুযোগ পাই। ইরান থেকে ফিরে ওই সার্টিফিকেট দিয়ে ফার্সী বিভাগে ভর্তি হতে সক্ষম হই। পরে ইরানের কালচারাল কাউন্সিলর ও তৎকালীন রাষ্ট্রদূতের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য ও বিভাগীয় চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে ভর্তির শর্ত শিথিল করা হয়। ম্যাট্রিক ও ইন্টারমিডিয়েটে ফার্সীর পরিবর্তে আরবি ও উর্দু করা হয়। এ সুযোগে সাইফুল ইসলাম খান, মোহসিন উদ্দিন মিশ্রা ও তারিক জিয়াউর রহমান শিরাজীরা ফার্সী বিভাগে ভর্তি হতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমি বিভাগের চেয়ারম্যান হওয়ার পর ব্রিটিশ আমলের সিলেবাস পরিবর্তন করি এবং প্রথম বর্ষে ফার্সী ভাষা শিক্ষা চালু করি। এতে মাদ্রাসা ও স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের জন্য ভর্তির সুযোগ সৃষ্টি হয়। দ্রুত এই বিভাগে শত শত ছাত্রছাত্রী ভর্তি হতে থাকে। অথচ আমার প্রচেষ্টায় পুনঃপ্রতিষ্ঠিত সেই বিভাগেই শেষ পর্যন্ত আমার স্থান হলো না।’

আরিফ বিল্লাহ বলেন, ২০০৯ সালে লন্ডনে পিএইচডি গবেষণার সময় ১৯৭২ সালের সংবিধানবিরোধী একটি সর্বদলীয় সভায় অংশ নিয়ে বক্তব্য দেন তিনি। সেখানে ১৯৭২ সালের সংবিধানের অসারতা নিয়ে বক্তব্য দেওয়ার পর লন্ডনে বাংলাদেশ দূতাবাস থেকে তার বক্তব্যের ভিডিও ক্লিপ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরে মন্ত্রণালয় থেকে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে পাঠানো হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার ছুটির মেয়াদ বৃদ্ধি না করে সংক্ষিপ্ত নোটিশে চাকরিচ্যুত করার ষড়যন্ত্র শুরু করে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ‘আমি বিষয়টি অবগত হয়ে ২৪ ঘণ্টার মধ্যে দেশে ফিরে বিশ্ববিদ্যালয়ে যোগদান করি। এ যাত্রায় চাকরি রক্ষা পেলেও বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকেই বহুমুখী ষড়যন্ত্রের শিকার হতে থাকি।’

চাকরি ফিরে পাওয়ার আবেদন বৈষম্য নিরসন কমিটিতে নাকচ হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বৈষম্য নিরসন কমিটিতে আমার চাকরি ফিরে পাওয়ার আবেদন করি। কিন্তু স্বেচ্ছায় চাকরি ছেড়েছি বলে অযৌক্তিকভাবে আমার দরখাস্ত আমলে নেওয়া হয়নি। আমি স্বেচ্ছায় চাকরি ছেড়েছি সত্যি, কিন্তু বারবার ষড়যন্ত্রের কবলে পড়ে হতাশ হয়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘সহযোগী অধ্যাপক হিসেবে নিয়োগ পাওয়ার পর দুই-তিন মাসের মধ্যে আমার চাকরি স্থায়ীকরণের কথা ছিল। কিন্তু আওয়ামী ফ্যাসিস্ট দলদাস ভিসি ১২ বছর আমার ফাইল আটকে রাখেন। এর ফলে কনফার্মেশনের আবেদন করতে পারিনি এবং ২৫ বছর চাকরি করার পরও অধ্যাপক হতে পারিনি। অথচ আমার পাঁচ ছাত্র আটকে থেকে মাত্র ১০ বছর চাকরি করেই দলীয় সুবিধায় অধ্যাপক হয়ে যায়।’

আধুনিক ভাষা ইনস্টিটিউটে নিজের মেয়াদ বৃদ্ধি না করার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন সাবেক এই অধ্যাপক। তিনি বলেন, ‘একটি খণ্ডকালীন ফার্সী শূন্য পদে আবেদন করতে গেলে ডিরেক্টর আমাকে কোনো রিসিভ কপি দিতে অস্বীকার করেন। পরে তৎকালীন উপাচার্য অধ্যাপক নিয়াজ স্যারের সঙ্গে দেখা করলে তিনি আমার আবেদনটি ডিরেক্টরের বরাবর পাঠিয়ে দেন। বারবার চাপ দেওয়ার পর আমার আবেদন আমলে নিয়ে চাকরি দেওয়া হয়।’

তবে বর্তমান উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর গত জুলাই থেকে তার মেয়াদ বৃদ্ধির আবেদন আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, ‘কখনো আবসার কামাল বলে শিক্ষক দরকার নেই। আবার কখনো বলে সিএন্ডডি চায় না। অথচ এই আবসার কামাল কয়েক সপ্তাহ আগে একটি পূর্ণাঙ্গ প্রভাষক পদে বিজ্ঞপ্তির জন্য রেজিস্ট্রার অফিসে ফাইল পাঠিয়েছিল। আমি পরে জেনেছি, কালাম সরকারের কোনো চাকরিপ্রার্থীর জন্যই নাকি তার চাপে ডিরেক্টর আবোল-তাবোল বলছে।’

তিনি আরও বলেন, ‘ফার্সী বিষয়ের ছাত্রছাত্রীরাও আমার মেয়াদ বাড়ানোর দাবিতে ভিসি বরাবর আবেদন করেছে। পরে ভিসির সঙ্গে দেখা করলে তিনি তার বরাবর একটি দরখাস্ত দিতে বলেন। দরখাস্ত জমা দেওয়ার দুই সপ্তাহের মধ্যে কোনো ফল না হওয়ায় আবার ভিসি অফিসে যাই। তিনি বলেন, এ একই কথা, সিএন্ডডি চায় না। আমি বললাম, আপনি তো খতিয়ে দেখবেন সিএন্ডডি কি যা ইচ্ছা তাই করতে পারে? আর ডিরেক্টরের নিজেরই তো সমস্যা করছে। প্রথমে আমার দরখাস্ত জমা নেয়নি। তখন তো সিএন্ডডির কোনো বিষয় ছিল না। আমি বললাম, আপনার ভাষা ইনস্টিটিউটে আমার সমতুল্য কোনো শিক্ষক আছেন? আপনি আমার সিভি মিলিয়ে দেখেন।’

এরপরই উপাচার্যের কক্ষে তাকে বের করে দেওয়ার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন অধ্যাপক আরিফ বিল্লাহ। তিনি বলেন, ‘এই দলীয় ভিসি বেশ কয়েকজন শিক্ষক ও কর্মকর্তার সামনেই বলে উঠলেন, এই ওনাকে রুম থেকে বের করে দাও! আসলে এই ভিসির সিভি সাত পৃষ্ঠা আর আমার সিভি ১৯ পৃষ্ঠা। তিনি কোনো বিদেশি বিশ্ববিদ্যালয়ে কখনো ভিজিটিং প্রফেসর ছিলেন কি না জানি না। আমি ইরান, দক্ষিণ কোরিয়া এবং চীন মিলে প্রায় তিন বছর ভিজিটিং প্রফেসর ছিলাম। আমি SOAS, MLC, কিংস কলেজ লন্ডন বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা ও গবেষণা করেছি। ছয়টি দেশে আমার বই ও প্রবন্ধ প্রকাশিত হয়েছে। কিন্তু এই দলীয় ভিসির কাছে এসবের কোনো মূল্য নেই।’

তিনি জানান, গত ৪ ফেব্রুয়ারি নিজের সাবেক বিভাগে বিজ্ঞাপিত অধ্যাপক পদে আবেদন করেন। শুরুতে তিনি আবেদন করার যোগ্য নন এমন অজুহাতে তার আবেদন বাতিলের চেষ্টা করা হয়। তবে রেজিস্ট্রার অফিসের হস্তক্ষেপে সেই চেষ্টা সফল হয়নি বলে দাবি করেন তিনি।

এ নিয়োগ প্রক্রিয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আতাউল্লাহর আবেদনকে কেন্দ্র করেও অনিয়মের অভিযোগ তোলেন সাবেক এই অধ্যাপক। তার দাবি, অধ্যাপক আতাউল্লাহর ছয়টি গবেষণা প্রবন্ধের বিরুদ্ধে চৌর্যবৃত্তির অভিযোগ কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। বিষয়টি বিভাগের চেয়ারম্যান ও সিলেকশন কমিটির সদস্যদেরও জানানো হয়েছিল।

তিনি বলেন, গত ৩০ মার্চ বিভাগীয় সিলেকশন কমিটির প্রথম সভায় চারটি আবেদনপত্র যাচাই করা হয়। ওই সভায় সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সুমিত আর রশিদ। পরে ১৪ মে দ্বিতীয় সভা অনুষ্ঠিত হলে সভার শুরুতেই অধ্যাপক আবুল কালাম সরকার চেয়ারম্যান সুমিত আর রশিদকে সভা থেকে বের করে দেন। এ বিষয়ে চেয়ারম্যানের বক্তব্য তুলে ধরে তিনি বলেন, ‘চেয়ারম্যান বলেন, গত মিটিংয়ে তো আমি সভাপতিত্ব করেছি এবং আমার আবেদন তো এদিন মূল্যায়ন হয়েছে। আজকে তো আমার কোনো এজেন্ডা নেই। কিন্তু কোনো সদুত্তর না দিয়ে চেয়ারম্যানকে বের করে দেয়।’

অধ্যাপক আরিফ বিল্লাহর অভিযোগ, তাকে বঞ্চিত করার উদ্দেশ্যেই অধ্যাপক আতাউল্লাহকে নিয়োগ দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এ ঘটনার পরদিন ১৫ মে রেজিস্ট্রার বরাবর বিস্তারিত জানিয়ে বিচার চেয়ে আবেদন করেন অধ্যাপক সুমিত আর রশিদ। তবে বর্তমান উপাচার্য এ বিষয়ে কোনো ব্যবস্থা নেননি বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে ফার্সী ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহসানুল হাদীকে চেয়ারম্যানের দায়িত্ব না দেওয়ার বিষয়টিও তুলে ধরেন অধ্যাপক আরিফ বিল্লাহ। তিনি বলেন, গত ১২ নভেম্বর থেকে ড. আহসানুল হাদীর বিভাগীয় চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করার কথা ছিল। কিন্তু কোনো ধরনের পূর্ব অবগতি ছাড়াই রহস্যজনক অভিযোগ তুলে তাকে দায়িত্ব থেকে বঞ্চিত করা হয়েছে। পরিবর্তে অধ্যাপক আবুল কালাম সরকারকে অস্থায়ীভাবে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘আহসানুল হাদীর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে গত ছয় মাস তার বিরুদ্ধে টুঁ শব্দটিও করা হলো না কেন? সে তো চেয়ারম্যান হওয়ার পরেও যদি তার কোনো অপরাধ প্রমাণিত হয়, তখন তাকে বাদ দেওয়া যেত। এসব আসলে পতিত স্বৈরাচারের কালোকানুন, যা এই আমলেও প্রয়োগ করা হচ্ছে। আসলে দুঃখজনক।’

অধ্যাপক আরিফ বিল্লাহর অভিযোগ, অধ্যাপক আবুল কালাম সরকার একই সঙ্গে ভারপ্রাপ্ত ডিন এবং আরও দুটি বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এতে তার হাতে নিরঙ্কুশ ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছে, যা তাকে আরও স্বেচ্ছাচারী করে তুলতে পারে।

তিনি আরও বলেন, ‘একজন শিক্ষকের পেশাগত অগ্রগতি নির্ভর করা উচিত তার যোগ্যতা, গবেষণা, প্রকাশনা এবং শিক্ষাদানের মানের ওপর। রাজনৈতিক পরিচয় কিংবা ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে পদোন্নতি ও নিয়োগের সুযোগ সৃষ্টি হলে তা শুধু ব্যক্তির প্রতি অবিচার নয়, বরং পুরো শিক্ষাব্যবস্থার জন্য ক্ষতিকর। যোগ্য ব্যক্তিকে বঞ্চিত করা এবং অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া দুটিই শিক্ষার মানের জন্য বিপজ্জনক।’

সংবাদ সম্মেলনে অধ্যাপক আবু মূসা মো. আরিফ বিল্লাহ নিজের চাকরিসংক্রান্ত বঞ্চনার পুনর্বিবেচনা, আধুনিক ভাষা ইনস্টিটিউটে মেয়াদ বৃদ্ধির আবেদন নিষ্পত্তি, অধ্যাপক পদে নিয়োগ প্রক্রিয়ায় উত্থাপিত অভিযোগের তদন্ত এবং সহযোগী অধ্যাপক ড. আহসানুল হাদীর চেয়ারম্যান পদে দায়িত্ব না পাওয়ার বিষয়টি নিরপেক্ষভাবে পর্যালোচনার দাবি জানান। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ, স্বেচ্ছাচারিতা ও বৈষম্য বন্ধ করে মেধা, যোগ্যতা ও গবেষণার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান তিনি।