১৭ নভেম্বর ২০২৬, ২১:৪৪

ক্লাসের প্রজেক্টরে রিলস দেখাতে ছাত্রীকে ফেসবুকে লগইনে বাধ্য করলেন ঢাবি অধ্যাপক, তদন্তে কমিটি

অধ্যাপক ড. খায়রুল চৌধুরী। টেবিলে ওপরে বসে ক্লাস নেন তিনি। যা ক্যাম্পাসের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে যায় না বলছেন তার সহকর্মীরা  © টিডিসি সম্পাদিত

শিক্ষার্থীদের সঙ্গে শ্রেণিকক্ষে অসৌজন্যমূলক আচরণ ও  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান করায় ২০২৪ সালের ৫ আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের ৬ জন শিক্ষক বয়কটের শিকার হয়েছিলেন। এরমধ্যে একজন অধ্যাপক ড. খায়রুল চৌধুরী। তিন ব্যাচের শিক্ষার্থীরা এই শিক্ষককে বয়কটের পর সম্প্রতি ‘মুচলেখা’ দিয়ে শ্রেণিকক্ষে ফিরে ফের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ পাওয়া গেছে।

ড. খায়রুল চৌধুরীর বিরুদ্ধে শ্রেণিকক্ষে প্রজেক্টরের মাধ্যমে ফেসবুক রিলস প্রদর্শনের জন্য এক নারী শিক্ষার্থীকে তার নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লগইন করতে বাধ্য করার অভিযোগ উঠেছে। এ ছাড়া শিক্ষার্থীদের নাম নিয়ে বিদ্রুপ, পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য, অপমানজনক সম্বোধন এবং ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরনের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ করেছেন বিভাগের ২০তম ব্যাচের (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীরা।

এসব অভিযোগের প্রতিকার চেয়ে বিভাগীয় চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ডিনের কাছে আবেদন করেও সমাধান না পেয়ে গত রবিবার (১৫ নভেম্বর) শিক্ষক পরিবর্তনের দাবিতে উপাচার্য বরাবর লিখিত আবেদন করেছেন তারা। উপাচার্য বরাবর দেওয়া আবেদনে শিক্ষার্থীরা জানান, দ্বিতীয় সেমিস্টারের ১৫১ নম্বর কোর্সটি শিক্ষক খায়রুল চৌধুরীর অধীনে পরিচালিত হওয়া নিয়ে তাদের আপত্তি রয়েছে। তারা তার অধীনে কোর্সটি সম্পন্ন করতে চান না। একই সঙ্গে তার মাধ্যমে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন না করারও অনুরোধ জানিয়েছেন।

এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম।

আরও পড়ুন: জামাল-জিনাত-সাদেকা হালিমসহ ৬ অধ্যাপককে ‌‘শাস্তি’ দিতে ঢাবির সিন্ডিকেটে তদন্ত কমিটি

এদিকে, আবেদনে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ওই শিক্ষকের কয়েকটি ক্লাসে অংশ নিয়ে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন। এসব অভিজ্ঞতা এবং কোর্সের অধিকাংশ শিক্ষার্থীর মতামতের ভিত্তিতে শিক্ষক পরিবর্তনের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। তাদের দাবি, পূর্ববর্তী ব্যাচগুলোর শিক্ষার্থীরাও বিভিন্ন কারণে ওই শিক্ষককে বয়কট করেছিলেন। আবেদনের সঙ্গে শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও অভিযোগের বিস্তারিত বিবরণ সংযুক্ত করা হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, শ্রেণিকক্ষে ওই শিক্ষক তাদের পূর্ববর্তী কোর্সের পাঠদান নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন। প্রথম সেমিস্টারের ১০১ নম্বর কোর্সে তারা কিছুই শেখেননি বলে মন্তব্য করার পাশাপাশি কয়েকজন সহকর্মী শিক্ষকের প্রতিও ইঙ্গিতপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেছেন তিনি। এতে শিক্ষকদের প্রতি তাদের শ্রদ্ধাবোধ ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি শিক্ষার্থীদের।

ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ তুলে শিক্ষার্থীরা জানান, 'Blindness' ও 'The Giver' গ্রন্থের ব্যাখ্যা দেওয়ার সময় শ্রেণিকক্ষের প্রজেক্টরে ফেসবুক রিলস প্রদর্শনের জন্য এক নারী শিক্ষার্থীকে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লগইন করতে বলেন ওই শিক্ষক। ওই শিক্ষার্থী অনীহা প্রকাশ করলেও তাকে লগইন করতে বাধ্য করা হয়। এতে শ্রেণিকক্ষে সবার সামনে তার ব্যক্তিগত পাসওয়ার্ড প্রকাশের পরিস্থিতি তৈরি হয়, যা তার ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগের সৃষ্টি করেছে।

এ ছাড়া এক ছেলে শিক্ষার্থীর নাম নিয়ে বিদ্রুপ করে তাকে ‘অনামিকা’ নামে ডাকার উপযুক্ত বলে মন্তব্য করার অভিযোগও করেছেন শিক্ষার্থীরা। তাদের ভাষ্য, এ ধরনের মন্তব্য ওই শিক্ষার্থীর ব্যক্তিগত পরিচয় ও আত্মমর্যাদায় আঘাত করেছে। সহপাঠীদের সামনে এমন বিদ্রুপের কারণে তাকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে।

পাঠদান পদ্ধতি নিয়েও আপত্তি জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, বোর্ডে লেখা কোনো বিষয় বুঝতে না পেরে প্রশ্ন করলে শিক্ষক যথাযথ ব্যাখ্যা দিতে অনীহা প্রকাশ করেন। ক্লাসের বিষয়ে মতামত বা পরামর্শ জানালেও বিরক্তি প্রকাশ করেন তিনি। এমনকি কোনো শিক্ষার্থী ভুল উত্তর দিলে তাকে ‘গাধা’ বলে সম্বোধন করেন। শারীরিক অসুস্থতার কারণে তিনটি ক্লাসে অনুপস্থিত থাকায় এক শিক্ষার্থীকে প্রথম পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে না বলেও জানানো হয় বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

শিক্ষার্থীদের আরও অভিযোগ, বিভাগে নির্ধারিত কোনো পোশাকবিধি না থাকা সত্ত্বেও ওই শিক্ষক নারী শিক্ষার্থীদের মেকআপ ও ভ্যানিটি ব্যাগ নিয়ে শ্রেণিকক্ষে আসা সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন। এমন সাজসজ্জায় আসা শিক্ষার্থীদের বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আসার সঙ্গে তুলনা করেন তিনি। একইভাবে পুরুষ শিক্ষার্থীদের পোশাক নিয়েও কটূক্তি করেছেন বলে অভিযোগ তাদের।

এ ছাড়া নির্ধারিত ৪৫ মিনিটের ক্লাস দুই ঘণ্টারও বেশি সময় ধরে পরিচালনা করার অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, বর্ধিত সময়ের বড় একটি অংশে পাঠ্যবিষয়ের বাইরে ব্যক্তিগত আলোচনা করেন ওই শিক্ষক, যা কার্যকর পাঠদানে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

এ বিষয়ে ওই ব্যাচের এক শিক্ষার্থী বলেন, অভিযুক্ত শিক্ষক এর আগেও বিভিন্ন কর্মকাণ্ডের কারণে শিক্ষার্থীদের বয়কটের মুখে পড়েছিলেন। সে সময় তাকে নিয়ে সংবাদও প্রকাশিত হয়েছিল। কিন্তু এরপরও তার আচরণে কোনো পরিবর্তন আসেনি। শিক্ষার্থী ও শিক্ষকদের অনেকেই তার আচরণগত সমস্যা সম্পর্কে অবগত। তিনি শ্রেণিকক্ষে অত্যন্ত অশিক্ষকসুলভ ও আক্রমণাত্মক আচরণ করেন।

তিনি আরও বলেন, ক্লাসে দেরি করে আসায় এক শিক্ষার্থীকে ‘অনামিকা’ নামে ডাকতে বাধ্য করা, শিক্ষার্থীদের নাম নিয়ে ব্যঙ্গ করা এবং তাদের ব্যাকপ্যাককে ‘ভ্যানিটি ব্যাগ’ বা ‘শপিং মল’ বলে কটূক্তি করার মতো ঘটনা ঘটিয়েছেন ওই শিক্ষক। এমনকি পড়াশোনাসংক্রান্ত কোনো বিষয়ে শিক্ষার্থীরা জানতে চাইলে ‘আগের আমল হলে উত্তর দিতেন না’ এ ধরনের আক্রমণাত্মক মন্তব্যও করেন তিনি।

ওই শিক্ষার্থী আরও বলেন, শিক্ষকটির আচরণের অন্যতম গুরুতর দিক হলো শিক্ষার্থীদের ব্যক্তিগতভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন। কোনো শিক্ষার্থী তার কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিতে পারেন কিংবা তার বিষয়ে অভিযোগ করতে পারেন এমন সন্দেহ হলে তিনি ওই শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে চিহ্নিত করে নাম-পরিচয় ও রোল নম্বর জানতে চান এবং ক্লাসে আসতে বলেন। এভাবে বিভিন্ন প্রশ্ন করে শিক্ষার্থীদের আটকে রাখা ও ভয় দেখানোর ঘটনাও ঘটেছে। তার ভাষায়, শিক্ষকটি মূলত শিক্ষার্থীদের মানুষ হিসেবে যথাযথ সম্মান করেন না।

নারী শিক্ষার্থীদের পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য এবং এক শিক্ষার্থীকে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লগইন করতে বাধ্য করার ঘটনাকে উদ্বেগজনক উল্লেখ করে তিনি আরও বলেন, এসব ঘটনায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ। এতে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ব্যক্তিগত গোপনীয়তাও ক্ষুণ্ন হয়েছে।

এসব বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, প্রক্টর ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনেকেই অবগত থাকলেও কার্ষকর পদক্ষেপ নেন না বলে দাবি করেন তিনি। ওই শিক্ষার্থী বলেন, শিক্ষক নিজেও জানেন যে শিক্ষার্থীরা তার আচরণের বিরুদ্ধে আনুষ্ঠানিক পদক্ষেপ নিচ্ছেন। আগেও বয়কটের মুখে পড়েও আচরণে পরিবর্তন না আসায় এবার শিক্ষার্থীরা তাদের অবস্থান থেকে সরে আসতে চান না।

তার দাবি, শিক্ষকের এসব কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে শিক্ষার্থীরা তার ক্লাস বর্জন করেছেন। এ বিষয়ে গণস্বাক্ষরও সংগ্রহ করা হয়েছে। সংশ্লিষ্ট হলে অনুষ্ঠিত ভোটে প্রায় ৮০ শতাংশ শিক্ষার্থী ওই শিক্ষকের ক্লাস না করার পক্ষে মত দিয়েছেন। তারা কোনোভাবেই তার ক্লাসে ফিরতে চান না। একই সঙ্গে তাকে আর শ্রেণিকক্ষে দায়িত্ব না দেওয়া এবং ভবিষ্যতে কোনো একাডেমিক বা সংশ্লিষ্ট কার্যক্রমে সম্পৃক্ত না রাখার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

তার ভাষায়, আমরা কখনোই তাকে আর ক্লাসে ফিরে পেতে চাই না এবং এ অবস্থান থেকে কোনোভাবেই পিছু হটব না।

উপাচার্য বরাবর দেওয়া আবেদনে শিক্ষার্থীরা ২০তম ব্যাচের মাস্টার্সের ক্লাস শেষ না হওয়া পর্যন্ত শিক্ষক খায়রুল চৌধুরীকে তাদের কোনো কোর্সের দায়িত্ব না দিয়ে বিকল্প শিক্ষক নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

বিভাগের ১৭ ব্যাচের এক শিক্ষার্থী বলেন, অসৌজন্যমূলক আচরণের জেরে ৫ আগস্টের পর বয়কট হয়েছিলেন তিনি। এরপর ১৮ ও ১৯ ব্যাচও তার ক্লাস করেননি। তবে সম্প্রতি মুচলেখা দিয়ে ২০ ব্যাচের ক্লাসে ফিরেই শর্ত ভঙ্গ করলেন।

এ বিষয়ে জানতে চাইলে সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফাতেমা রেজিনা ইকবাল তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করে বলেন, এ বিষয়ে এখন আমি মন্তব্য করতে পারব না।

অভিযুক্ত অধ্যাপক ড. খায়রুল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এই বিষয়ে সভা না হওয়ায় ঘটনাটি নিয়ে নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না। কারণ, কারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন, তা এখনো নিশ্চিত নই। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক ও বিভাগীয় প্রধান আমাকে ভালো হিসেবেই চেনেন। আমার যতটুকু ধারণা, আমি সুনামের সঙ্গেই শিক্ষকতা করে আসছি। শিক্ষকরা বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের হলেও আমি সাধারণ শিক্ষক। এর আগেও এমন ঘটনা ঘটেছিল। যে ব্যাচের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছে, তারা প্রথম বা দ্বিতীয় বর্ষের হতে পারে। এর আগেও তারা এমন ঘটনা ঘটিয়েছে।

বিভাগের অভ্যন্তরীণ জটিলতার কথা উল্লেখ করে তিনি বলেন, বিভাগের বিভিন্ন জটিলতার কারণে আমাদের বিভাগটি কিছুটা জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আমি একজন সাধারণ শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বিষয়টি পুরোপুরি বুঝে ওঠার সুযোগ পাইনি। নোটিশ প্রকাশের আগেই শিক্ষার্থীরা বিভাগ থেকে নোটিশ নিয়ে ক্লাস না করার সিদ্ধান্ত নেয় এবং বিভাগীয় চেয়ারম্যানের কাছে চিঠি দেয়। মূলত শিক্ষার্থীরা ১০ তারিখ ক্লাস করবে না বলে জানিয়েছিল। কিন্তু আমি সেদিন ক্লাস নিয়েছি এবং উপস্থিতি (অ্যাটেনডেন্স) দিয়েছি, যদিও অধিকাংশ শিক্ষার্থী ক্লাসে উপস্থিত ছিল না। সেখান থেকেই হয়তো তারা ক্ষোভ প্রকাশ করছে।

ছাত্রীর ফেসবুক অ্যাকাউন্টে লগইন করানোর অভিযোগের বিষয়ে তিনি বলেন, প্রজেক্টরের মাধ্যমে পাঠদান ও বিষয়বস্তু বোঝানোর ক্ষেত্রে বিভিন্ন বিষয় থাকে। সে কারণে একজন শিক্ষার্থীর অনুমতি নিয়েই তার ফেসবুক আইডিতে লগইন করতে বলেছিলাম এবং মাত্র দুই মিনিটের একটি ভিডিও চালিয়েছিলাম। বিষয়টি এতটুকুই।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের কাছে ইতোমধ্যে শিক্ষার্থীদের আবেদন এসেছে। এ বিষয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আবেদনটির পূর্ণাঙ্গ অনুলিপি সংশ্লিষ্ট ডিনের কাছেও পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। কোনো ধরনের অনিয়ম বা অসদাচরণের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

এদিকে দ্য ডেইলি ক্যাম্পাসের হাতে আসা একটি ছবিতে দেখা যায়, অধ্যাপক ড. খায়রুল টেবিলে ওপরে বসে ক্লাস নিচ্ছেন। তার এমন আচরণ ক্যাম্পাসের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে যায় না বলছেন অনেক সহকর্মী।

এক অধ্যাপক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এটি নিয়ে কোনো রুলস সেট করা নেই। তবে এভাবে ক্লাস নেয়াটা আমাদের ক্যাম্পাসের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে যায় না। আমরা বিশ্বের বিভিন্ন দেশের অনেকগুলো বিশ্ববিদ্যালয় ঘুরেছি। কিন্তু এভাবে কাউকে ক্লাস নিতে দেখিনি কখনও।