বাহারি পিঠা আর গ্রামীণ ঐতিহ্যে রাবিতে নবান্ন উৎসব
শীতের আগমনী বার্তার সঙ্গে শুরু হয়েছে আমন ধান কাটার মৌসুম। সোনালি ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। নতুন ধানের চাল দিয়ে তৈরি হচ্ছে শীতের নানা রকম পিঠাপুলি। গ্রামবাংলার সেই চিরায়ত ঐতিহ্য ও উৎসবের আমেজকে ধারণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আয়োজন করা হয়েছে নবান্ন উৎসবের।
সোমবার (১৬ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ প্রাঙ্গণে এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়। ধান কাটা, বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ এবং উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলিম।
এ উপলক্ষ্যে কৃষি অনুষদ প্রাঙ্গণ থেকে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এবারের প্রতিপাদ্য হিম হিম শীতের বাতাস উষ্ণতায় ছড়ায় পিঠা পুলির সুবাস। দিনব্যাপী আয়োজনে ছিল পিঠা উৎসব, ধান কাটা, বাঙালির ঐতিহ্যবাহী খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।
সরেজমিনে দেখা যায়, নবান্ন উৎসব ঘিরে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ প্রাঙ্গণ সেজেছে বাঙালির চিরায়ত সাজে। উৎসবে অংশ নিতে সকাল থেকেই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
উৎসবকে কেন্দ্র করে সাজানো হয় হরেক রকম পিঠার স্টল। স্টলগুলোর নাম রাখা হয়েছে— নবান্নিকা, আলকানন্দা, পাতার সেফাই, ক্ষীর পুলির আসর, পিঠার পরশ, শেকড়ের টান, পৌষাল, পিঠার কুটির ও পিঠা মঞ্জুরী।
স্টলগুলোতে চন্দ্রপুলি, হৃদয় হরণ, জামাই পিঠা, কুশলী পিঠা, নকশি পিঠা, পাটিসাপটা, দুধপুলি, গোলাপ পিঠা, রসভরি ও বিস্কুট পিঠাসহ নানা ধরনের বাহারি পিঠা সাজিয়ে রাখা হয়। পাশাপাশি ছিল ফিরনি, পায়েস, মোহনভোগ ও দুধ গোকুলসহ বিভিন্ন ধরনের মিষ্টান্ন।
নবান্ন উৎসব নিয়ে এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী সুমন হোসেন বলেন, ‘প্রতিবছরই আমাদের বিভাগ থেকে নবান্ন উৎসবের আয়োজন করা হয়। দিনটি আমরা উৎসবমুখর পরিবেশে উদ্যাপন করি। এ উপলক্ষে আমরা বাহারি রকমের পিঠা তৈরি ও বিক্রি করি। নবান্ন উৎসব আমাদের গ্রামীণ সংস্কৃতির অংশ। বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় অগ্রহায়ণের প্রথম দিনে এমন উৎসব আয়োজন করা আমাদের জন্য গর্বের বিষয়।’
এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী লাবনী আক্তার বলেন, প্রতিবছরের মতো এবারও আমরা নবান্ন উৎসব পালন করছি। বাঙালি সংস্কৃতিকে বিশ্বের মাঝে তুলে ধরার লক্ষ্যেই আমাদের এ আয়োজন। দুপুর পর্যন্ত পিঠা উৎসব চলবে। এরপর বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হবে।
জানতে চাইলে উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলিম বলেন, ‘নবান্ন বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। নানা কারণে আমাদের এই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মের কাছে বাঙালির চিরায়ত সংস্কৃতি ও নবান্নের আনন্দ তুলে ধরতেই প্রতিবছরের মতো এবারও এ উৎসবের আয়োজন করা হয়েছে। নবান্ন উৎসব শুধু আনন্দ-উৎসব নয়, বরং যারা মাথার ঘাম পায়ে ফেলে ফসল উৎপাদন করে আমাদের খাদ্যের চাহিদা পূরণ করেন, সেই কৃষকদের প্রতি কৃতজ্ঞতা, সম্মান ও শ্রদ্ধা জানানোরও একটি উপলক্ষ্য।’