হীরকজয়ন্তী উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
পাহাড়, ঝরনা আর সবুজে ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দিনের আলো পেরিয়ে সন্ধ্যা নামতেই বদলে যায় ক্যাম্পাসের প্রতিদিনের স্বাভাবিক রূপ। নানা রঙের আলোকসজ্জায় ঝলমল করে উঠছে আবাসিক হল ও একাডেমিক ভবনগুলো। সব মিলিয়ে ক্যাম্পাসজুড়ে তৈরি হয়েছে এক উৎসবমুখর পরিবেশ।
জানা গেছে, আগামী ১৮ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে জাঁকজমকপূর্ণ হীরকজয়ন্তী উৎসব উদযাপন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই আয়োজনকে সামনে রেখে ক্যাম্পাসজুড়ে তৈরি হয়েছে উৎসবের আমেজ। শিক্ষক-শিক্ষার্থী থেকে শুরু করে কর্মকর্তা-কর্মচারী, সবার মধ্যেই দেখা যাচ্ছে হীরকজয়ন্তী উদ্যাপনের উচ্ছ্বাস।
সরেজমিন ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনায় করা হয়েছে দৃষ্টিনন্দন আলোকসজ্জা। ক্যাম্পাসের চাকসু ভবন থেকে কেন্দ্রীয় গ্রন্থাগার, শহীদ মিনার, কেন্দ্রীয় খেলার মাঠ, নারী হলপাড়া, কলা অনুষদ ভবন, বুদ্ধিজীবী চত্বর, জিরোপয়েন্টসহ প্রতিটি গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জার কাজ চলমান। ঘসে মেজে পরিচ্ছন্ন করা হচ্ছে পুরো বিশ্ববিদ্যালয় আঙ্গিনা।
আরও দেখা গেছে, সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে জ্বলে উঠছে এই রঙিন বাতিগুলো। ঘুরে ঘুরে আলোয় আলোকিত ভবনগুলোর সৌন্দর্য উপভোগ করছেন শিক্ষার্থীরা। অনেকে বন্ধুদের সঙ্গে একসাথে ঘুরছেন। তুলছেন ছবি, করছেন ভিডিও। বানাচ্ছেন রিলস। বিশ্ববিদ্যালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম আপাতত এটি নিয়েই বেশি সরব।
চবির ২০-২১ সেশনের ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী আফ্রাদ শাওন বলেন, বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে দারুণ উচ্ছ্বাস। ৬ দশকের শিক্ষা, গবেষণা, সংস্কৃতি ও ঐতিহ্যের এই পাহাড়ঘেরা সবুজ ক্যাম্পাসের সঙ্গে রঙিন আলোর মেলবন্ধনে তৈরি হয়েছে এক উৎসবমুখর পরিবেশ।
চবির সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাজমুস সাকিব বলেন, এমন আয়োজন ক্যাম্পাসের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসবের অনুভূতি তৈরি করেছে। প্রতিটি হল, অনুষদ ও সড়ক চমৎকারভাবে সাজানো হয়েছে।
চবির সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী নুসরাত সুলতানা বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এমনিতেই প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অনন্য। এর সঙ্গে এমন দৃষ্টিনন্দন আলোকসজ্জা ক্যাম্পাসের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। সন্ধ্যার পর পুরো ক্যাম্পাসের পরিবেশটাই অন্যরকম লাগছে। বিষয়টি আমাদের জন্য সত্যিই আনন্দের ও স্মরণীয়।’
ক্যাম্পাস ঘুরতে বের হয়ে চবির দর্শন বিভাগের শিক্ষার্থী খাদিজা আফরিন মিতু বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি নিঃসন্দেহে বিশেষ অর্জন। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে হীরকজয়ন্তীর অংশ হতে পারাটা আমাদের জন্য আনন্দের।’
চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, ‘৬০ বছর পূর্তি উপলক্ষে জাঁকজমকপূর্ণ আয়োজন বাস্তবায়নের কর্মসূচি নিয়েছি আমরা। এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইসহ সাবেক শিক্ষার্থীদের এক বিশাল মিলনমেলা ঘটবে। এই আয়োজনকে সফলভাবে সম্পন্ন ও বাস্তবায়ন করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের সহযোগীতা চাই।’