১৩ নভেম্বর ২০২৬, ২২:৩৩

আইসিইউ থেকে না ফেরার দেশে ঢাবি শিক্ষার্থী মাসুদ বায়েজিদ

মাসুদ বায়েজিদ  © ফাইল ছবি

ব্রেইন ইনজুরিতে আক্রান্ত হয়ে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মো. মাসুদ বায়েজিদ। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।

মাসুদ বায়েজিদ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। আজ শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৯টার দিকে ওই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এর আগে গত ৩ নভেম্বর অসুস্থ হলে সেদিনই মুগদা মেডিকেলে ভর্তি করা হয় তাকে। ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী।

মাসুদ বায়েজিদ বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশাল বিভাগের বরগুনা জেলার বরগুনা সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের মোল্লাবাড়ি এলাকায়।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে শিক্ষার্থী ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মিফতাহুল হোসাইন আল মারুফ নামে এক সহপাঠী ফেসবুকে লিখেছেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের  ২০১৯-২০ সেশনের (জহু হল) আমার বন্ধু ও ব্যাচমেট মাসুদ বায়েজিদ ব্রেইন ইনজুর্ড হয়ে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন । আল্লাহ তা'য়ালা আমাদের বন্ধু মাসুদের ভুল-ভ্রান্তি ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।