‘আমার কবরে বেলিফুলের গাছ লাগাবেন’ স্ট্যাটাসের দু’দিন পর দুর্ঘটনায় নিহত ঢাবি ছাত্র
‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন মালি সাহেব, আমার দেহটা পচে সার হয়ে মিশে যাবে ওই গাছে। আর প্রতিটি ফুলের প্রাণে আপনি আমাকে পাবেন।’ মৃত্যুর ঠিক দুই দিন আগে ফেসবুকে এমন একটি আবেগঘন স্ট্যাটাস সংবলিত পোস্ট শেয়ার দিয়েছিলেন মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী হুসাইন কবির তড়িৎ।
হুসাইন সাঁথিয়ার আতাইকুলা থানার আড়িয়াডাংগী উচ্চ বিদ্যালয়ের সাবেক (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক এবং রঘুনাথপুর গ্রামের আব্দুল কাদেরের ছোট ছেলে। বুধবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মাধপুর-শোলাবাড়িয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকাল ১০টায় জানাজা শেষে আতাইকুলার রঘুনাথপুর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে এবং হুসাইনের শেষ চাওয়া হিসাবে পরিবারের পক্ষ থেকে তার কবরের পাশে বেলিফুলগাছ লাগানো হয়েছে বলে জানা গেছে।
পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিহত হুসাইন কবির অপু ২০১৮ সালে আতাইকুলা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে মেধা তালিকায় রাজশাহী বোর্ডে ৮ম স্থান অধিকার করেন। পরবর্তীতে নটর ডেম কলেজে ও ব্রাক ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। সর্বশেষ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন।
বুধবার রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে পাবনা যাওয়ার পথে রাত ৯টার দিকে মাধপুর-শোলাবাড়িয়া মহাসড়কের শোলাবাড়িয়া নামক স্থানে পৌঁছালে কাজিরহাটগামী আব্দুল্লাহ আলিফ নামে যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে বৃহস্পতিবার আতাইকুলা থানায় মামলা হয়েছে। লাশ পরিবারের কাছে অস্তাদরের পর দাফন করা হয়েছে।