‘প্রশাসনের অনুরোধে’ পদত্যাগ করছেন ঢাবির ৬ সহকারী প্রক্টর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন তিন শিক্ষক। এ ছাড়া আরও তিনজন আজকের মধ্যে পদত্যাগ করতে পারেন। তারা সবাই জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্র্বতী সরকারের সময়ে নিয়োগ পেয়েছেন। তাদেরকে পদ ছাড়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ ‘অনুরোধ’ করা হয়েছিল বলে জানা গেছে।
বুধবার পদত্যাগ করা তিনজন হলেন, আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আতিয়া সানজিদা শর্মী ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার। তারা প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাংয়ের মাধ্যমে উপাচার্য বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন।
এ ছাড়া আজ বৃহস্পতিবারের (১২ নভেম্বর) মধ্যে সহকারী প্রক্টর শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শারমীন কবীর, ক্রিমিনোলজি বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম সোহাগ ও এমআইএস বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম পদত্যাগ করতে পারেন বলে জানা গেছে।
আরও খবর: ঢাবিতে ভর্তির জন্য ২৪ ঘণ্টায় ৪০ হাজারের বেশি আবেদন, বেশি বিজ্ঞানে
পদত্যাগ করা ছয় সহকারী প্রক্টরের মধ্যে একাধিক জামায়াতপন্থী শিক্ষকও রয়েছেন। পদত্যাগের বিষয়টি অন্তত দুজন নিশ্চিত করেছেন। তারা পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন। তবে দ্য ডেইলি ক্যাম্পাসকে তারা বলেন, প্রক্টরের পক্ষ থেকে তাদের পদত্যাগ করার অনুরোধ জানানো হয়েছে। এর কারণ হিসেবে তার ওপর ‘ওপর মহলের চাপ’ আছে বলে জানিয়েছেন। এ জন্য তারা ছয়জন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
একজন শিক্ষক বলেন, তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। এখন অ্যাকাডেমিক কাজে আরও মনোযোগী হতে চান। রাজনৈতিক চাপের বিষয়েটি তিনি এড়িয়ে গেছেন। আরেকজন জানান, এটা রাজনৈতিক কারণেই। তবে প্রক্টরের মাধ্যমে তাদেরকে সরে যাওয়ার অনুরোধ করা হয়েছে। এ কারণে তারা সরে গেছেন।
বিষয়টি নিয়ে বক্তব্য জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাংকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
পদত্যাগের কারণের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ব্যক্তিগত কারণ উল্লেখ করছে এটা জানি, এছাড়া আমার কাছে আর কোনো কারন জানা নেই। আমি এখন পর্যন্ত একটা পদত্যাগ পত্র পেয়েছি সেটা রেজিস্ট্রারের কাছে পাঠিয়েছি।
উপর মহলের চাপ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, উপর মহলের চাপ থাকতে পারে এমন তথ্য আমার জানা নেই।