১২ নভেম্বর ২০২৬, ১০:৪১

এমপি নুসরাতের বাড়িতে হামলার নিন্দা জানিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আবিদের

এমপি নুসরাত ও ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান   © টিডিসি ফটো

‎জুলাই গণঅভ্যুত্থানের সামগ্রিক শক্তিকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। পারস্পরিক কাদা ছোড়াছুড়ি বন্ধ করে নিষিদ্ধ সংগঠনের প্রতিটি নেতাকর্মীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণেরও দাবি জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন দেয়ার প্রতিবাদে তিনি এসব কথা বলেন।
‎ফেসবুক পোস্টে আবিদুল ইসলাম খান লেখেন, ‘জুলাইয়ের সামগ্রিক শক্তি আবারো ঐক্যবদ্ধ হবার সময় এসেছে। এবার পারস্পরিক কাদা ছোড়াছুড়ি বন্ধ করুন। নিষিদ্ধ সংগঠনের প্রতিটি নেতাকর্মীর বিরুদ্ধে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করুন। যাদের হাতে আমাদের হাজারো ভাইবোনের তাজা রক্ত, আমরা বেঁচে থাকতে এই মাটিতে সেই ফ্যাসিস্ট শক্তিকে কোনোভাবেই ফাংশন করতে দেবো না।’
‎জুলাই আন্দোলনের সহযোদ্ধা নুসরাতের পাশে থাকার কথা জানিয়ে তিনি আরও লেখেন, ‘নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা। আমার বোন, আমাদের সহযোদ্ধা। আমরা পূর্ণশক্তি নিয়ে নুসরাতদের পাশে আছি। যেখানেই ফ্যাসিস্ট শক্তির পদধ্বনি পাবেন রুখে দাঁড়ান।’
‎‎পালাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ভারতে আশ্রয় গ্রহণকারী ফ্যাসিস্ট জননী এই মাটি-মানুষের কেউ নন। দেশের হাজার হাজার মানুষ খুন করেও তাদের বিন্দুমাত্র অনুশোচনা নেই। তারা আবারো রক্তের নেশায় মেতে উঠেছে। দ্রুততম সময়ের মধ্যে খুনি হাসিনাকে দেশে আনতে হবে। ফাঁসি কার্যকর করতে হবে।’
‎‎দেশব্যাপী ফ্যাসিবাদবিরোধী প্রতিরোধ গড়ার আহ্বান জানিয়ে আবিদুল ইসলাম খান বলেন, ‘খুনি হাসিনা ও তার ফ্যাসিস্ট সংগঠনের বিরুদ্ধে ফুল একশন চলবে। সারাদেশে ফ্যাসিস্ট বিরোধী শক্ত দূর্গ গড়ে তুলুন। খুনির দলের কাওকে এই মাটিতে পুনরুত্থিত হতে দেয়া হবে না।’
‎প্রসঙ্গত, গতকাল বুধবার দিবাগত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাতের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। রাতেই তিনি একটি ফেসবুক পোস্টে বিষয়টি জানান।
সেই পোস্টে নুসরাত তাবাসসুম লিখেছেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’
‎

‎