ভর্তি পরীক্ষার আবেদনের সময়সূচিতে পরিবর্তন আনল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
২০২৬-২০২৭ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময়সূচিতে বদল এনেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। পূর্বঘোষিত ১৫ নভেম্বর ২০২৬ থেকে ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদনের কথা থাকলেও সেটি পরিবর্তন করে অকৃতকার্য শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সময় বাড়িয়ে নতুন আবেদন ১০ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় নিজ কার্যালয়ে দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন।
তিনি বলেন, আজ বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত ভর্তি কমিটির মিটিংয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন নিয়ে নতুন করে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পূর্বনির্ধারিত তারিখেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে ভর্তি পরীক্ষার আবেদনের পূর্বনির্ধারিত সময়সূচি পিছিয়ে ১০ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, ভর্তি কমিটির মিটিংয়ে দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের সুবিধার্থে অনলাইনে আবেদনের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগামী ১০ ডিসেম্বর ২০২৬ সালের বেলা ১১টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে ১০ জানুয়ারি ২০২৭ সালের রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত। তবে নির্ধারিত আবেদন ফি আগামী ১২ জানুয়ারি ২০২৭ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত জমা দেওয়া যাবে।
তিনি আরও বলেন, সদ্য প্রকাশিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) অকৃতকার্য হওয়া (সাপ্লিমেন্টারি) শিক্ষার্থীরা চবির ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবেন। তবে শর্ত থাকবে কোনোভাবেই তাদেরকে দুইয়ের অধিক বিষয়ে অকৃতকার্য হওয়া যাবে না।
চবির ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী— সি ইউনিটের পরীক্ষা ২৯ জানুয়ারি ২০২৭ শুক্রবার শুরু হবে। এরপর ধারাবাহিক ভাবে এ ইউনিট ৩০ জানুয়ারি ২০২৭ (শনিবার), বি১ উপ-ইউনিট ৩ ফেব্রুয়ারি ২০২৭ (বুধবার), বি২ উপ-ইউনিট ৪ ফেব্রুয়ারি ২০২৭ (বৃহস্পতিবার), বি ইউনিট ৫ ফেব্রুয়ারি ২০২৭ (শুক্রবার), ডি ইউনিট ৬ ফেব্রুয়ারি ২০২৭ (শনিবার), ডি১ উপ-ইউনিট ৮ ফেব্রুয়ারি ২০২৭ (সোমবার) অনুষ্ঠিত হবে।
জানা গেছে, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা ২০২৭ সালের ২৯ জানুয়ারি থেকে শুরু হয়ে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলবে। ৩টি বিভাগীয় শহরে এই পরীক্ষা হবে। চট্টগ্রাম (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস), ঢাকা (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) এবং রাজশাহী (রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) বিভাগীয় শহরে একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে। তবে বি১, বি২ ও ডি১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।