১১ নভেম্বর ২০২৬, ১৬:২৩

ঢাবি ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে নিরাপত্তা প্রহরীদের জন্য বিশেষ নির্দেশনা ‎

ঢাকা বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বহিরাগতদের আনাগোনা বৃদ্ধির কারণে চুরি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তাফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসে কর্মরত সকল নিরাপত্তা প্রহরীদের জন্য কিছু নির্দেশনা প্রদান করা হয়। 
‎
‎বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় বহিরাগত লোকজনের আনাগোনা বৃদ্ধির কারণে ক্যাম্পাসের অভ্যন্তরে চুরিসহ অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা ঘটছে এবং নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের কর্মে শৈথিল্য লক্ষ্য করা যাচ্ছে। এই প্রেক্ষিতে ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ, হল, ইনস্টিটিউট, একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন এবং আবাসিক এলাকায় কর্মরত নিরাপত্তা প্রহরীদের নির্ধারিত পোশাক পরিধান করে সঠিকভাবে কর্তব্য পালনের নির্দেশ দেওয়া হয়েছে।   
‎
‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকল নিরাপত্তা প্রহরীকে সঠিক সময়ে তাদের কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। অন্যজনকে দায়িত্ব বুঝিয়ে না দিয়ে কেউ নিজ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। পাশাপাশি পরবর্তী দায়িত্বপালনকারী নিরাপত্তা প্রহরী যথাসময়ে উপস্থিত না হলে তাৎক্ষণিকভাবে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে তা অবগত করতে হবে। 
‎
‎এছাড়া ক্যাম্পাসে বহিরাগতদের চলাচলের প্রতি সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সন্দেহজনক ব্যক্তি বা অনুরূপ কোনো প্রকার কর্মকাণ্ড পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে তা সংশ্লিষ্ট অফিস প্রধান, প্রক্টর অফিস অথবা এস্টেট ম্যানেজারকে অবহিত করতে হবে।