১১ নভেম্বর ২০২৬, ১০:৪১

ককটেল বিস্ফোরণের অভিযোগে বহিষ্কৃত ঢাবি কর্মচারী আমান ছিলেন ৪ আগস্টের মিছিলেও

আমান উল্লাহ আমান ও ঢাবির লোগো  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় সাময়িক বরখাস্ত হওয়া বিশ্ববিদ্যালয়ের কর্মচারী আমান উল্লাহ আমানের পরিচয় পাওয়া গেছে। তিনি বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসে স্যানিটারি সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। এর আগে ২০২৪ সালের ৪ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের এক দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের ভেতরে অনুষ্ঠিত একটি মিছিলেও তাকে দেখা গেছে।

আমান উল্লাহ আমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক উপপ্রচার সম্পাদক এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি। তিনি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর অনুসারী ছিলেন বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও বিভিন্ন পোস্ট দিয়ে সক্রিয় রয়েছেন তিনি। তবে বর্তমানে তিনি পলাতক।

এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে একটি জরুরি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় ক্যাম্পাসে নাশকতা, বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টির সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় আমানকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে, ২০২৪ সালের ৪ আগস্ট। সারা দেশে তখন উত্তাল পরিস্থিতি। আওয়ামী লীগ সরকারের পতনের তখন আর মাত্র এক দিন বাকি ছিল। ওই দিনও সরকারকে টিকিয়ে রাখার পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের ভেতরে মিছিল করেন বিশ্ববিদ্যালয়ের ৩৫ থেকে ৪০ জন কর্মকর্তা-কর্মচারী। এ সময় মিছিলে যোগ না দেওয়া এবং কক্ষে বসে থাকা ব্যক্তিদের দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল।

লাল বৃত্তে কর্মচারী আমান উল্লাহ আমান

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ছয় মাস পেরিয়ে গেলেও ওই মিছিলে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীদের অনেকে বহাল তবিয়তে ছিলেন। অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল উপাচার্য থাকাকালে তার কার্যালয়ে কর্মরত কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে শুধু লোক দেখানোভাবে বদলি করা ছাড়া অন্য কাউকে শাস্তির আওতায় আনা হয়নি বলে অভিযোগ রয়েছে। মানবতাবিরোধী অপরাধের সমর্থনে আচরণবিধি লঙ্ঘন করে মিছিল করলেও এ ঘটনায় তদন্ত ও ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সেদিনের প্রায় ৯ মিনিটের মিছিলের একটি ভিডিও পর্যালোচনা এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ৩৪ জন কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করে দ্য ডেইলি ক্যাম্পাস।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘অনেক সময় কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনকে কেন্দ্র করে প্রচার-প্রচারণা চালানো হয়। সেটা একটা বিষয়। কিন্তু দলীয় রাজনৈতিক মিছিল করার সুযোগ নেই। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে বলে কথা নেই, যেকোনো সরকারি প্রতিষ্ঠানের ভবনে এরকম মিছিল করার সুযোগ নেই।’

বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমার জানা নেই শাস্তিস্বরূপ তাদের বিরুদ্ধে কোনো উদ্যোগ নিয়েছে কিনা।’

এদিকে, মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কলা ভবনের পাশের শ্যাডো এলাকা এবং ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) সামনে এসব বিস্ফোরণ ঘটে।

এতে সোহেল (৩৬) নামে এক প্রাইভেটকার চালক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বিস্ফোরণে ঘটনাস্থলে থাকা একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। এর আগে আরও দুই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।