ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পলাশী সংলগ্ন ২ নম্বর গেটে একটি অবিস্ফোরিত ককটেল পাওয়া গেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টার পর কয়েকজন শিক্ষার্থীর নজরে আসে বস্তুটি। পরে তারা বিষয়টি তাৎক্ষণিকভাবে হল প্রশাসনকে অবহিত করেন।
প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, তিনি হলের পলাশী সংলগ্ন ২ নম্বর গেটের পাশে লাল রঙের একটি বস্তু পড়ে থাকতে দেখেন। পরে কৌতূহলবশত কাছে গিয়ে সেটি ককটেল বলে বুঝতে পারেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই তিনি শাহবাগ থানা-পুলিশ ও পার্শ্ববর্তী ফায়ার সার্ভিসের দলের সঙ্গে যোগাযোগ করেন বলে জানান।
এদিকে, খবর পেয়ে শাহবাগ থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে আসছে বলে জানা গেছে। এ ঘটনায় হল এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল প্রাং রতনের সঙ্গে যোগাযোগের করা যায়নি।
তবে ককটেলটি কীভাবে সেখানে এসেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর পর এ বিষয়ে বিস্তারিত জানা যেতে পারে।