১০ নভেম্বর ২০২৬, ২২:৫৩

ব্যর্থতা ঢাকতে দমন-পীড়নের পথ বেছে নিয়েছে সরকার: ছাত্র ইউনিয়ন

ব্যর্থতা ঢাকতে দমন-পীড়নের পথ বেছে নিয়েছে সরকার: ছাত্র ইউনিয়ন  © সংগৃহীত

দেশব্যাপী অরাজকতা ও সহিংসতা বন্ধে সরকারের ব্যর্থতা আড়াল করতে বিভিন্ন ধরনের ট্যাগিংয়ের মাধ্যমে প্রগতিশীল রাজনৈতিক শক্তিগুলোর ওপর দমন-পীড়নের পথ বেছে নেওয়ার অভিযোগ তুলেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আওয়ামী লীগের ডাকা অবরোধকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) দেশব্যাপী সংঘটিত অরাজকতা ও সহিংসতার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সরকারের প্রতি যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত কয়েক দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বারবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবারও বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অভ্যন্তরে ককটেল বিস্ফোরণে একজন গুরুতর আহত হয়েছেন। এসব ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতা লক্ষণীয়। এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে চোরাগোপ্তা হামলা চালানো হয়েছে। গতকাল ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাসে অগ্নিসংযোগ করা হয়েছে।

তারা আরও বলেন, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাস ও ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ছাড়া ফরিদপুরে একজন পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। রাজনৈতিকভাবে প্রত্যাখ্যাত হয়ে পতিত স্বৈরাচারী রাজনৈতিক শক্তি সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

বিএনপি সরকারের সমালোচনা করে বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশব্যাপী অরাজকতা বন্ধে সরকারের উদাসীনতা লক্ষণীয়। মুখে গরম গরম বক্তৃতা দিলেও বাস্তবে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। নিজেদের ব্যর্থতা আড়াল করতে সরকার বিভিন্ন ধরনের ট্যাগিংয়ের মাধ্যমে প্রগতিশীল রাজনৈতিক শক্তিগুলোর ওপর দমন-পীড়নের পথ বেছে নিয়েছে। সরকারের এমন কর্মকাণ্ডের নিন্দা জানায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে দেশব্যাপী অরাজকতা ও সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।