১০ নভেম্বর ২০২৬, ২২:৪৪

ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে পদত্যাগ করতে হবে: আবু বাকের

জাতীয় ছাত্রশক্তি আয়োজিত ‘সন্ত্রাস ও ফ্যাসিবাদ প্রতিরোধ মিছিল’ কর্মসূচিতে এ কথা বলেন তিনি।  © সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নাশকতা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করেছেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার। তিনি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় দেশের শান্তিপ্রিয় মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এ অবস্থায় তাঁকে আর দায়িত্বে দেখতে চায় না মানুষ।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জাতীয় ছাত্রশক্তি আয়োজিত ‘সন্ত্রাস ও ফ্যাসিবাদ প্রতিরোধ মিছিল’ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। সারাদেশে আওয়ামী লীগের নাশকতা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ এবং মৌলভীবাজারে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে টিএসসি, রোকেয়া হল, প্রশাসনিক ভবন ও মল চত্বর প্রদক্ষিণ করে পুনরায় রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। এতে সংগঠনটির কেন্দ্রীয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

কর্মসূচিতে আবু বাকের মজুমদার বলেন, ‘২০২৬ সালের শেষ প্রান্তে এসে নভেম্বর মাসে আমাদের কেন রাজপথে দাঁড়াতে হচ্ছে? কারণ, একটি সন্ত্রাসী গোষ্ঠী গত তিন-চার দিন ধরে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে। ঘুমন্ত বাসচালককে বাসের ভেতর আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়াসহ দেশের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে আতঙ্কিত করা হচ্ছে। এসব ঘটনার পেছনে যে সন্ত্রাসী গোষ্ঠী জড়িত, তারা নতুন কেউ নয়। স্বাধীনতার পর থেকেই এই গোষ্ঠী দেশের মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে।’

তিনি আরও বলেন, এই গোষ্ঠী দীর্ঘ ৫০-৫৫ বছর ধরে বাংলাদেশে ভারতের স্বার্থে কাজ করেছে বলে তাঁরা মনে করেন। পিলখানা হত্যাকাণ্ড, ২০১৩ সালে শাহবাগে আলেম-ওলামা ও মুসল্লিদের ওপর হামলা, ২০১৪ সালের নির্বাচন এবং দীর্ঘ ফ্যাসিবাদী শাসনামলে গুম-হত্যাসহ বিভিন্ন ঘটনার সঙ্গে আওয়ামী লীগ জড়িত বলে অভিযোগ করেন তিনি। আবরার ফাহাদ ও শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের দায়ও আওয়ামী লীগের ওপর বর্তায় বলে মন্তব্য করেন আবু বাকের।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা চলছে অভিযোগ করে তিনি বলেন, একটি রাজনৈতিক দল অর্থ ও ভোটের হিসাব করে আওয়ামী লীগের সঙ্গে আপস করেছে। তাঁর অভিযোগ, বর্তমানে ক্ষমতায় থাকা বিএনপিও রাজনৈতিক সুবিধার আশায় আওয়ামী লীগের সঙ্গে আপসের পথ বেছে নিয়েছে।

আবু বাকের মজুমদার বলেন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমে দেশে সাতটি ককটেল বিস্ফোরণের কথা বলেছেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে (এফবিএস) রাতের আঁধারে ককটেল বিস্ফোরণের ঘটনা উল্লেখ করে নিরাপত্তার কোনো সমস্যা হয়নি বলে মন্তব্য করেছেন। অথচ শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই এখন পর্যন্ত আটটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, ‘এফবিএসের গাড়িতে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণের কথা বলা হলেও দিনের আলোতেই ক্যাম্পাসে হামলা চালানো হয়েছে। শুধু হামলাই নয়, একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলো এতটাই দুর্বল যে সঠিক তথ্যটুকুও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পৌঁছাতে পারেনি।’

আওয়ামী লীগ ও ছাত্রলীগকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুলে আবু বাকের বলেন, জুলাই-আগস্টের পর ভুয়া মামলার মাধ্যমে প্রকৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে থাকা মামলাগুলো দুর্বল করা হয়েছে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী এবং আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ নিয়ে বিএনপি তাদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, এর ফলে আওয়ামী লীগ ও ছাত্রলীগ আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর সুযোগ পাচ্ছে।

কর্মসূচি থেকে তিন দফা দাবি তুলে ধরে আবু বাকের মজুমদার বলেন, গত কয়েক দিনে সন্ত্রাসী কর্মকাণ্ড, ককটেল বিস্ফোরণ ও বিভিন্ন হামলায় জড়িত ব্যক্তিদের, বিশেষ করে হাতিপুরের হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। দায়িত্ব পালনে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে পদত্যাগ করতে হবে। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিচারের দাবি বাস্তবায়ন করতে হবে।

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসির বলেন, ‘জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় ছাত্রশক্তির সভাপতি হাসিব আল ইসলামের ওপর সন্ত্রাসীরা দিনের আলোতে অস্ত্র নিয়ে হামলা করেছে। আবার সেই হামলার ঘটনা লাইভ করে দেখিয়েছে। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ ঘটলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, তা বোঝা যায় না।’

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর ন্যূনতম লজ্জাবোধ থাকলে তার পদত্যাগের দাবি ওঠার আগেই ক্ষমা চেয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করা উচিত। অন্যথায় চিরুনি অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে।

তিনি বলেন, সারাদেশে একের পর এক বোমা ও ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ এবং মানুষের জানমালের ক্ষতি করা হলেও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। পুলিশকে এ অবস্থা থেকে বেরিয়ে এসে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনী এলাকায় একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে তালা দেওয়া, অগ্নিসংযোগ ও মানুষের ওপর হামলার ঘটনা ঘটছে। এমনকি ছাত্রলীগের নেতা-কর্মীরা সড়ক অবরোধ করছেন বলেও অভিযোগ করেন তিনি। এসব ঘটনায় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তাহমিদ বলেন, হয় সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, নয়তো ছাত্র-জনতার চাপে পদত্যাগ করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক ফেরদৌস আইয়াম বলেন, ‘আমরা আজ এখানে দাঁড়িয়েছি অত্যন্ত বেদনাহত ও উদ্বিগ্ন মন নিয়ে। আপনারা জানেন, মৌলভীবাজারে জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর বর্বরোচিত ও কাপুরুষোচিত হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। আমরা তার দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাই।’

তিনি বলেন, ফরিদপুরে ঘুমন্ত অবস্থায় বাসচালককে হত্যা, নেত্রকোনায় ট্রেনে আগুন দেওয়া এবং গোপালগঞ্জ, রাঙামাটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে এসব ঘটনাকে গুরুত্বহীনভাবে উপস্থাপন করছেন। এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য কোনোভাবেই প্রত্যাশিত নয় উল্লেখ করে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

ফেরদৌস আইয়াম আরও বলেন, আইনমন্ত্রীকেও তাদের ভূমিকা নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার প্রচেষ্টার সময় তিনি অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে ছিলেন উল্লেখ করে তিনি অভিযোগ করেন, সে সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীকে গ্রেপ্তারের পর যথাযথ বিচারিক প্রক্রিয়া ছাড়াই মুক্তি দেওয়ার ঘটনা ঘটেছে।

ঢাবি প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলে ফেরদৌস আইয়াম বলেন, প্রশাসন নীল দল ও আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে বিশ্ববিদ্যালয়ের চিহ্নিত ছাত্রলীগের নেতা-কর্মী ও হামলাকারীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ দেওয়া হচ্ছে। অবিলম্বে চিহ্নিত ছাত্রলীগের নেতা-কর্মীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

গণমাধ্যমের ভূমিকা নিয়েও সমালোচনা করে তিনি বলেন , কিছু গণমাধ্যম হাসিব আল ইসলামকে নিয়ে মুখরোচক শিরোনাম ও চরিত্রহননমূলক সংবাদ প্রকাশ করছে। এ ধরনের সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

জাতীয় ছাত্রশক্তির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নূর আলম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাই, দেশের বিভিন্ন স্থানে জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধাদের ওপর হামলা এবং সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার বিষয়গুলো তার চোখে পড়ে না কেন? তিনি বলেন, জুলাইয়ের চেতনা ধারণ করলে এসব হামলার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত।

তিনি আরও বলেন, জুলাইয়ের যোদ্ধা ও সাধারণ মানুষের ওপর হামলা অব্যাহত থাকলে ছাত্র-জনতা আবারও রাজপথে নামবে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আর কোনো প্রতিবাদ নয়, এবার আমরা প্রতিরোধ গড়ে তুলব।’

ডিসেম্বরের আগেই আওয়ামী লীগের সব কর্মসূচি ও আস্ফালন বন্ধ করার দাবি জানিয়ে নূর আলম বলেন, অন্যথায় সাধারণ মানুষ, জুলাইয়ের সহযোদ্ধা ও জাতীয় ছাত্রশক্তি রাজপথে থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ করবে।

প্রসঙ্গত, মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকায় বালিশিরা রিসোর্টের সামনে হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব তাকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ উঠেছে।