জাবিতে জুলাই হামলার বিচারসহ ছাত্রশক্তির ছয় দফা দাবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের ভূমিকা পুনঃতদন্ত করে বিচারের আওতায় আনাসহ ছয় দফা দাবি জানিয়েছে শাখা ছাত্রশক্তি।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির নেতারা।
সংগঠনটির অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে— অবিলম্বে ১১তম জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, একাডেমিক নিপীড়নে জড়িত শিক্ষকদের বিচার, শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু, সব বিভাগে মানোন্নয়ন পরীক্ষা ও উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ সৃষ্টি, ধর্ষণচেষ্টার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার এবং পরীক্ষা নিয়ন্ত্রক, রেজিস্ট্রার অফিস ও কেন্দ্রীয় লাইব্রেরিসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম অটোমেশনের আওতায় আনা।পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান প্রণয়ন ও বাস্তবায়নের দাবিও জানায় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে শাখা ছাত্রশক্তির সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা বলেন, দেশে ও ক্যাম্পাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। অন্যদিকে, প্রশাসন নির্দিষ্ট একটি ছাত্রসংগঠনকে পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করে পেশিশক্তির রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা করছে।
তিনি বলেন, সব শিক্ষার্থীর অধিকার নিশ্চিত না করে প্রশাসন যদি পেশিশক্তির ওপর নির্ভরশীল থাকে, তাহলে ক্যাম্পাসে আবারও ১৭ জুলাইয়ের মতো গণঅভ্যুত্থানের পরিস্থিতি তৈরি হতে পারে।
সংগঠনটির সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ ও সার্বিক সংস্কার নিশ্চিত করতেই ছয় দফা দাবি উত্থাপন করা হয়েছে। এর আগে একাধিকবার এসব দাবি জানানো হলেও বর্তমান প্রশাসন বাস্তবায়নে কিংবা অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে বিচার নিশ্চিত করতে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।
তিনি আরও বলেন, ক্যাম্পাসে ধর্ষণ ও হত্যাচেষ্টার মতো ঘটনার ১৮২ দিন পেরিয়ে গেলেও অপরাধীদের বিচার ও শাস্তি নিশ্চিত হয়নি। বরং জুলাইয়ের হামলায় অভিযুক্ত নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা ক্যাম্পাসের আশপাশে অবস্থান করে প্রকাশ্যে হুমকি দিচ্ছে।